জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের মানেই হচ্ছে সেখানে নতুন জ্ঞান উৎপাদন বা সৃজনের জন্য কাজ হবে। এইজন্য অত্যাবশ্যকীয় হচ্ছে পাঠ ও গবেষণা কার্যক্রম অব্যাহত রাখা। গবেষণার জন্য প্রয়োজন উচ্চতর পড়াশোনা। আর এই পড়াশোনার অন্যতম মাধ্যম বিভিন্ন ধরনের দেশী বিদেশী জার্নাল। শিক্ষকদের পাঠ কার্যক্রম থেকে শুরু করে গবেষণাধর্মী কার্যক্রম অক্ষুন্ন রাখার জন্য প্রয়োজন ভালোমানের গবেষণা জার্নাল। বিশেষ করে অনলাইন ভিত্তিক পিয়ার রিভিয়্যুড জার্নালে এক্সেস থাকা অত্যাবশ্যক। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার কর্তৃপক্ষ অর্থের অভাব অথবা খামখেয়ালির কারনে অনলাইন একাডেমিক রিসোর্সে প্রাতিষ্ঠানিক সাবস্ক্রিপশন করেনি। ফলে আন্তর্জাতিক মানের কোন জার্নাল ও “অনলাইন এডুকেশনাল রিসোর্স’’ এ এক্সেস করতে পারছেনা জাবির গবেষণাপ্রেমী শিক্ষক ও শিক্ষার্থীরা।
জানা যায়, একসময় কেন্দ্রীয় গ্রন্থাগারে আন্তর্জাতিক মানের বিভিন্নধরনের জার্নাল রাখা হত। কিন্তু বর্তমানে দীর্ঘদিন যাবত গ্রন্তাগারে কোন ধরনের জার্নাল রাখা হয় না। অন্যদিকে বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরেই Jstor.org ও muse.jhu.edu ডাটাবেইজ দুটির এক্সেস দিয়ে আসছিল। অধিক সমৃদ্ধ জার্নাল সমূহের হার্ড কপির গ্রাহকশীপ বন্ধ করে দেয়ায় এবং এইসব জার্নালের মূল্য অধিকাংশ গবেষক শিক্ষার্থী ও শিক্ষকদের আয়ত্তের বাইরে থাকায় বিশ্ববিদ্যালয়ের পাঠ ও গবেষণা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের জার্নাল পড়া ও ডাউনলোড করার প্রধানতম মাধ্যম Jstor.org ও muse.jhu.edu ডাটাবেইজ দুটি। বিশ্ববিদ্যালয় কর্তৃক এই ডাটাবেইজগুলোর সাবস্ক্রিপশন করা থাকায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কেন্দ্রীয় ইন্টারনেট ব্যবস্থাপনা তথা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কাজে যে ওয়াইফাই এবং যে আইপি এড্রেস ব্যবহার করা হয় তার মাধ্যমে শিক্ষার্থী এবং শিক্ষকরা সহজেই ডাটাবেইজগুলোতে এক্সেস করতে পারতেন। কিন্তু অর্থাভাবে সাবস্ক্রিপশন বন্ধ করে দেয়ায় কয়েকমাস ধরে কেউ এই ডাটাবেইজগুলিতে প্রবেশাধিকার পাচ্ছে না। এতেকরে বিশ্ববিদ্যালয়ের বিদ্যায়তনিক গবেষণার কাজ বিশেষভাবে বিঘ্নিত হচ্ছে।
এই ব্যাপারে, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ বলেন, ‘আমরা এই সমস্য সমাধানে অনতিবিলম্বে ডাটাবেইজের সাবস্ক্রিপশন চালু করে বিশ্ববিদ্যালয়ের বিদ্যায়তনিক পাঠ, গবেষণা ও গবেষণা সহায়ক কর্মকান্ড সমুন্নত রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানায়। পাশাপাশি বিশ্ববিদ্যলয়ের বিভিন্ন বিভাগ থেকে প্রকাশিত জার্নালে এক্সেস সহজতর করার জন্য নিজস্ব ডাটাবেইজ তৈরী ও তাতে শিক্ষার্থীদের প্রবেশাধিকার নিশ্চিত করার উদ্যোগ নেয়ার জন্যও প্রশাসনের প্রতি উদাত্ত আহ্ববান জানায়। এতে করে অন্যান্য বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের আন্তঃশাস্ত্রীয় জ্ঞানচর্চার দ্বার উন্মোচিত হবে বলে আমরা মনে করি’।