মোবাইলে সিনেমা তৈরির কর্মশালায় অংশগ্রহণকারীরা © টিডিসি ফটো
মোবাইলে আন্তর্জাতিক মানের সিনেমা তৈরির লক্ষ্যে গত ৭ ও ৮ ফেব্রুয়ারি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী মোবাইলে সিনেমা তৈরি বিষয়ক কর্মশালা। আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালকে সামনে রেখে এই কর্মশালার আয়োজন করা হয়।
দুই দিনব্যাপী আয়োজিত এ কর্মশালাতে মোবাইলে আন্তর্জাতিক মানের সিনেমা তৈরির জন্য যাবতীয় বিষয়ে পাঠদান, আলোচনা-সমালোচনা, সিনেমা পরিদর্শন ও সিনেমা বানানোর অনুশীলন করানো হয়। আয়োজিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন সাংবাদিক কাবিল খান জামিল ও চলচ্চিত্র নির্মাতা তানহা জাফরিন।
কর্মশালাটির আয়োজক হিসেবে ছিল ইউল্যাবের কো-কারিকুলার বিষয়ক শিক্ষানবিশ সংগঠন ‘সিনেমাস্কোপ’। মোবাইল সিনেমার উন্নয়নের লক্ষ্যে বিগত চার বছর ধরে ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ) আয়োজন করে আসছে ‘সিনেমাস্কোপ’।
উল্লেখ্য, আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল এর ৫ম আসর বসতে যাচ্ছে ইউল্যাব এর স্থায়ী ক্যাম্পাসে। প্রতি বছরের ন্যায় এ বছরও ফেস্টিভ্যাল এর সফলতা কামনা করছেন আয়োজকবৃন্দ।