‘অ্যালামনাই কলক্যুয়াম সিরিজ–ফল ২০২৬’ আয়োজন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি © এনএসইউ জনসংযোগ
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ ‘অ্যালামনাই কলক্যুয়াম সিরিজ–ফল ২০২৬’ আয়োজন করেছে। গবেষণার চর্চা ও জ্ঞান বিনিময়ের ধারাকে অব্যাহত রাখা এবং সমৃদ্ধ করার লক্ষ্যে সম্প্রতি এই কলক্যুয়াম অনুষ্ঠিত হয়। এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাবেক শিক্ষার্থীরা তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন।
এ কলক্যুয়ামে ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের তাসনিম মাহমুদ, আইন বিভাগের শাহরিয়ার বিন ওয়ারেস, ইতিহাস ও দর্শন বিভাগের তাসলিমা তারিক এবং সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের মোহাম্মদ ওয়াহিদ হোসাইন তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও আইন বিভাগের অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. রিজওয়ান খায়ের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণমাধ্যম, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের লেকচারার মৃত্তিকা আনান রহমান।
গবেষণাপত্রগুলোতে সাহিত্য, গণমাধ্যম, আইন ও সুশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক উঠে আসে। ‘তুলনামূলক বিশ্লেষণ: আমেরিকান গথিক কথাসাহিত্যিকদের রচনায় সন্ত্রাসের কাল্পনিক রূপায়ণের বিবর্তন’ শীর্ষক উপস্থাপনায় তাসনিম মাহমুদ জাতিতাত্ত্বিক ও বর্ণবৈষম্য এবং বর্ণবাদী আগ্রাসনের প্রেক্ষাপটে ভুক্তভোগীদের দুর্বিষহ অভিজ্ঞতা এবং এর সুদূরপ্রসারী সামাজিক-সাংস্কৃতিক প্রভাব বর্ণনা করেন।
তার গবেষণায় তুলে ধরেন, এডগার অ্যালান পো ও স্টিফেন কিংয়ের গথিক কথাসাহিত্যে বর্ণবাদী নিপীড়নের ঐতিহাসিক ট্রমা চরিত্রগুলোর অভিজ্ঞতার মধ্য দিয়ে রূপায়িত হয়েছে।
তাসলিমা তারিক ‘জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের আজাদি আন্দোলন: টাইমস নাউ, ইন্ডিয়া টুডে ও জি নিউজে প্রকাশিত সংবাদের সমালোচনামূলক বিশ্লেষণ’ শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করেন। ২০১৬ সালের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের আজাদি আন্দোলন নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের উপস্থাপনা, রাষ্ট্রদ্রোহ-সংক্রান্ত সংবাদ পরিবেশনা এবং সমকালীন বৃহত্তর ভারতীয় রাজনীতি- বিশেষত ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক বয়ানের মধ্যকার সামঞ্জস্য তার গবেষণায় বিশেষভাবে অনুসন্ধান করা হয়।
শাহরিয়ার বিন ওয়ারেস বাংলাদেশে নিবন্ধিত ট্রেডমার্কভিত্তিক ব্যবসায়িক চর্চার প্রয়োজনীয়তা এবং ট্রেডমার্ক ও ভোক্তা সুরক্ষা আইনের আলোকে আইনগত বিশ্লেষণবিষয়ক গবেষণাপত্র উপস্থাপন করেন। বাংলাদেশে ট্রেডমার্ক নিবন্ধন বাধ্যতামূলক না হওয়ায় মেধাস্বত্ব লঙ্ঘন ও হোয়াইট-কলার অপরাধের সুযোগ তৈরি হচ্ছে, যার ফলে ভোক্তারা যথাযথ সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন।
অন্যদিকে, মোহাম্মদ ওয়াহিদ হোসাইনের গবেষণার শিরোনাম ছিল ‘সুশাসনের ঘাটতি পূরণ: বাংলাদেশের অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন আমলাদের সমাজে অব্যাহত অবদান’। পরামর্শক ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন, স্মৃতিকথাসহ বিভিন্ন গ্রন্থ রচনা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততার পাশাপাশি নাগরিক উদ্যোগে তাঁদের অংশগ্রহণের সম্ভাবনাও তিনি আলোচনায় তুলে ধরেন।
স্বাগত বক্তব্যে অধ্যাপক রিজওয়ানুল ইসলাম নর্থ সাউথ ইউনিভার্সিটির গবেষকদের ক্রমবর্ধমান গবেষণাসক্ষমতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, দক্ষিণ এশিয়াজুড়ে এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা কৃতিত্বের সঙ্গে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করছেন। এ কলক্যুয়াম সিরিজে প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থাপিত এ ধরনের গবেষণামূলক উদ্যোগ বর্তমান শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করবে এবং গবেষণার প্রতি তাদের আগ্রহ ও প্রচেষ্টাকে আরও জোরদার করবে বলে তিনি মতপ্রকাশ করেন। আলোচক ড. রিজওয়ান খায়ের উপস্থাপিত গবেষণাগুলোর মানের প্রশংসা করেন এবং গবেষণাপত্রের উৎকর্ষ সাধনে পরামর্শ প্রদান করেন।
গবেষণাপত্র উপস্থাপনার পর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও উপস্থিত অতিথিরা উপস্থাপিত গবেষণাপত্রগুলোর বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেন এবং উপস্থাপকদের সঙ্গে প্রাসঙ্গিক মতবিনিময় করেন করেন। পরবর্তীতে, উপস্থাপকদের সার্টিফিকেট এবং সম্মাননাসূচক স্মারক ক্রেস্ট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। এ ধরনের আয়োজন গবেষণাভিত্তিক একাডেমিক সংস্কৃতির বিকাশে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অব্যাহত অঙ্গীকারকে আরও সুদৃঢ় করে।