রাজধানীতে চাঁদা না পেয়ে ইন্টারনেট অফিসে গুলি, গুলিবিদ্ধ ২ © সংগৃহীত
রাজধানীর রামপুরার ওয়াপদা রোডে ‘স্পীড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি’ নামের একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে চাঁদা দাবির অভিযোগে হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের গুলিতে প্রতিষ্ঠানের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন— হাবিব রহমান (২৬) ও সাজু আহমেদ (২৮)। তারা দুজনেই ওই প্রতিষ্ঠানে নেটওয়ার্ককর্মী হিসেবে কর্মরত।
প্রতিষ্ঠানটির সহকর্মী ও প্রত্যক্ষদর্শী নাঈমুল ইসলাম টিপু গণমাধ্যমকে জানান, সন্ধ্যায় রামপুরার ওয়াপদা রোডের ওই অফিসে হঠাৎ চার থেকে পাঁচজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত প্রবেশ করে। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা দুই কর্মীকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে হাবিব রহমানের বাম হাতে এবং সাজু আহমেদের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে।
পরে সহকর্মীরা তাদের দ্রুত উদ্ধার করে রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
চাঁদার দাবির বিষয়ে নাঈমুল ইসলাম টিপু আরও জানান, বেশ কিছুদিন ধরে ওই প্রতিষ্ঠানে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল দুর্বৃত্তরা। কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় আজ এই হামলা চালানো হয়েছে। তারা ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী বলে শুনলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেননি তিনি।
এদিকে, ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রামপুরা থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।মানচিত্র দেখুন