চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সঙ্গে বিভাগের শিক্ষার্থীরা © টিডিসি ফটো
মহান বিজয় দিবস উপলক্ষ্যে আন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ম্যানেজমেন্ট বিভাগের টিম সিরিয়াল কিলার।
টুর্নামেন্টের আয়োজন করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্পোর্টস অ্যাসোসিয়েশন।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ইনক্রেডিবল সোশিওলজি দলকে ৪৬ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ম্যানেজমেন্ট সিরিয়াল কিলার দলটি। চ্যাম্পিয়নদের ট্রফি তুলে দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্পোর্টস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সহকারী অধ্যাপক রওশন আলম।
এর আগে গত ১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৫ বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ৫ টি দলের অংশগ্রহণে শুরু হয় এই টুর্নামেন্ট। ফাইনালে ম্যানেজমেন্ট দলের হয়ে ৮৫ রান করেন মেহেদী হাসান মৃদুল এবং ৩ টি করে উইকেট নেন সোয়েব ও কাশেম। পাশাপাশি সমাজবিজ্ঞান দলের হয়ে ৫৬ রান করেন শুভ এবং ২ উইকেট নেন জীম।
পুরো টুর্নামেন্টে ২১৭ রান ও ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্যা সিরিজ ও সেরা ব্যাটসম্যানের পুরস্কার নেন ম্যানেজমেন্ট বিভাগের মেহেদী হাসান মৃদুল। মোট ১২ উইকেট শিকার করে সেরা বোলারের পুরস্কার পেয়েছেন সমাজবিজ্ঞানের জুম্মাতুল নাইম জীম। এছাড়াও ইমার্জিং খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন সমাজবিজ্ঞানের প্রণয় এবং সেরা ক্যাচের পুরস্কার পেয়েছে ম্যানেজমেন্টের জাহিদ হাসান।
উল্লেখ্য, ক্রীড়াপ্রেমী শিক্ষার্থীদের এই সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত বিভিন্ন আয়োজন করে যাচ্ছে। বিগত বছর বিশ্ববিদ্যালয়ের আন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের মধ্যে দিয়ে ক্রীড়াপ্রেমী শিক্ষার্থী ও দর্শকদের মনে জায়গা করে নিয়েছে সংগঠনটি।