দেয়ালে শেখ হাসিনাকে নিয়ে স্লোগান: শনাক্ত হওয়া ৬ ছাত্রীকে অভিভাবকসহ ডেকে জিজ্ঞাসাবাদ

০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩২ AM , আপডেট: ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩২ AM
সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া সেই ৬ ছাত্রী

সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া সেই ৬ ছাত্রী © সংগৃহীত

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরীতে শেখপাড়ার একটি গলিতে বসতবাড়ির দেয়ালে রাজনৈতিক স্লোগান লেখার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছয় ছাত্রীকে শনাক্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাদের অভিভাবকসহ বিদ্যালয়ে ডেকে মৌখিক ও লিখিত বক্তব্য নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের বক্তব্যে কিছু অসংগতি পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। এ ঘটনায় অষ্টম শ্রেণির আরও এক শিক্ষার্থীর নাম উঠে আসায় তার পরিচয় যাচাইয়ের উদ্যোগ নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করীম বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেয়ালে লেখার ঘটনায় ছয়জনকে শনাক্ত করা হয়েছে।  তাদের অভিভাবকসহ বিদ্যালয়ে ডেকে ঘটনার বিষয়ে বক্তব্য নেওয়া হয়। তারা কেন এ কাজ করেছে এবং এর পেছনে কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত ইন্ধন ছিল কি না, তা জানার চেষ্টা করা হয়েছে। প্রথমে মৌখিক এবং পরে লিখিত বক্তব্য নেওয়া হয়েছে।

প্রধান শিক্ষক বলেন, শিক্ষার্থীরা মৌখিকভাবে জানিয়েছে, কারও প্ররোচনা বা ইন্ধনে নয়, মজার ছলেই তারা দেয়ালে স্লোগান লিখেছে। এ ঘটনায় তারা দুঃখ প্রকাশ করেছে। তবে তাদের বক্তব্যের সঙ্গে ঘটনার কিছু অসংগতি পাওয়া গেছে। শিক্ষার্থীরা কালো রঙের স্প্রে ব্যবহার করার কথা বললেও সিসিটিভি ফুটেজ ও দেয়ালে সাদা রঙের লেখাও দেখা গেছে। এ বিষয়ে তারা কোনো তথ্য দিতে পারেনি। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের স্বাক্ষরও নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ছাত্রীরা অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর নাম উল্লেখ করে দাবি করেছে, ওই শিক্ষার্থী তাদের এ কাজ করতে বলেছিল। তবে তার পূর্ণ পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বিদ্যালয়ের অষ্টম শ্রেণির চারটি শাখার মধ্যে সে কোন শাখার শিক্ষার্থী, তা যাচাই করা হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকেও অভিভাবকসহ বিদ্যালয়ে ডেকে বক্তব্য নেওয়া হবে।

শেখ রেজাউল করীম বলেন, সংশ্লিষ্ট সবার বক্তব্য ও লিখিত কাগজপত্র একত্র করে বিদ্যালয় পরিচালনা কমিটির কাছে প্রতিবেদন আকারে পাঠানো হবে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পুরো প্রক্রিয়ায় জেলা প্রশাসনের সহযোগিতা পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. তারিক-উজ-জামান বলেন, বিদ্যালয়ে গিয়ে ছয় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলা হয়েছে এবং তাদের বক্তব্য নেওয়া হয়েছে। প্রধান শিক্ষক এ বিষয়ে প্রতিবেদন তৈরি করছেন। প্রতিবেদন পাওয়ার পর ঘটনার বিস্তারিত জানা যাবে। 

উল্লেখ্য, গত বুধবার (৪ নভেম্বর) দিনের বেলায় কয়েকজন ছাত্রী ওই গলিতে গিয়ে বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘জয় হাসিনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বরে’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান লেখে বলে অভিযোগ ওঠে। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হলে এলাকায় উদ্বেগ ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে সিসিটিভি ফুটেজে শিক্ষার্থীদের সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে এবং বিদ্যালয় কর্তৃপক্ষ দেয়াল থেকে লেখাগুলো মুছে ফেলে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘ক্র্যাক ম্যানেজার্স ২০২৬’
  • ০৭ নভেম্বর ২০২৬
স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করলেন ট্রাম্প
  • ০৭ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রী…
  • ০৭ নভেম্বর ২০২৬
জাবিপ্রবির প্রথম নারী চেয়ারম্যান হলেন জিওলজি বিভাগের ওয়াহিদ…
  • ০৭ নভেম্বর ২০২৬
পদত্যাগ করতে পারেন ট্রাম্পের অন্তত ৫ মন্ত্রী
  • ০৭ নভেম্বর ২০২৬
মসজিদ কমিটি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের আঘাতে বিএনপি নেতার মৃত্…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950