জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) জিওলজি (ভূতত্ত্ব) বিভাগের নতুন চেয়ারম্যান প্রভাষক ওয়াহিদা আক্তার। © সংগৃহীত
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) জিওলজি (ভূতত্ত্ব) বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগটির প্রভাষক ওয়াহিদা আক্তার। আগামী তিন বছরের জন্য তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে জাবিপ্রবিতে এই প্রথম কোনো নারী শিক্ষক হিসেবে বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তিনি।
৫ নভেম্বর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে থেকে জানা যায়, জাবিপ্রবি আইনের প্রথম সংবিধির ধারা ৪ এর উপ-ধারা (২) এবং (২) (খ) অনুযায়ী ওয়াহিদা আক্তারকে এই প্রশাসনিক দায়িত্ব প্রদান করা হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, এই নিয়োগ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর হবে এবং তিনি নিয়মানুযায়ী প্রদেয় ভাতাদিসহ অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। এছাড়া বর্তমান চেয়ারম্যানের নিকট থেকে দ্রুত দায়িত্বভার বুঝে নেওয়ার জন্য তাঁকে বলা হয়।
বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ওয়াহিদা আক্তার বলেন, ‘বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের, গর্বের এবং একই সঙ্গে বড় একটি দায়িত্বের বিষয়। আমি এই দায়িত্বকে শুধু একটি পদ বা সম্মান হিসেবে দেখি না, বরং বিভাগের উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলার একটি সুযোগ হিসেবে বিবেচনা করি। সেই সাথে নাজমুল হোসেন স্যারকে বিভাগ ও আমার ব্যাক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই নতুন বিভাগের ভিত্তি দাঁড় করিয়ে দেওয়ার জন্য। আমরা কৃতজ্ঞ।’
এছাড়াও শিক্ষার্থীদের নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমার সবচেয়ে বড় স্বপ্ন হলো, আমার শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা, যেন তারা এই তীব্র প্রতিযোগিতামূলক বিশ্বে আত্মবিশ্বাসের সঙ্গে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। সেটা হোক জিওলজিক্যাল সেক্টরে চাকরি, বিসিএস কিংবা দেশ-বিদেশের উচ্চশিক্ষা ও গবেষণা। আমি চাই, আমাদের শিক্ষার্থীরা প্রতিটি ক্ষেত্রে নিজেদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রাখুক।’
উল্লেখ্য, ওয়াহিদা আক্তার দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেছেন। তিনি সহকারী ব্যবস্থাপক হিসেবে পেট্রোবাংলায় (বাপেক্স), সহকারী পরিচালক হিসেবে বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে (জিএসবি) এবং সহকারী পরিচালক হিসেবে পরিবেশ মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।
তিনি এই বিভাগটির প্রথম শিক্ষক এবং বিভাগীয় শিক্ষক হিসাবে প্রথম চেয়ারম্যান হলেন। তার পূর্বে বিভাগটির প্রতিষ্ঠাকালীন সময় থেকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সদ্য সাবেক চেয়ারম্যান গণিত বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হোসেন।