© সংগৃহীত
বাঁধন, ঢাকা কলেজ ইউনিটের ২০২৩ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন শাহাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাসকিন আহমেদ কাজল। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ‘বাঁধন’ ঢাকা কলেজ ইউনিটের শিক্ষক উপদেষ্টা সহযোগী অধ্যাপক মোঃ ওবায়দুল করিম।
তিনি বলেন, দীর্ঘ ২৩ বছর ধরে ঢাকা কলেজে বাঁধন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিবছর নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হয়। তাদের মাধ্যমেই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, সাধারণ মানুষের জন্য রক্তের ব্যবস্থা করে দেওয়াসহ নানা জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সামনের নতুন বছরের জন্য আজ কমিটি ঘোষণা করা হয়েছে। আশা করি তাদের যোগ্য নেতৃত্বের মাধ্যমে বাঁধনের কার্যক্রমে আরও গতিশীলতা আসবে।
আরও পড়ুন: নামমাত্র প্রশিক্ষণের ফল ভালো হবে না
অপরদিকে, নতুন এই কমিটিতে স্থান পেয়েছেন আরও ১৪জন। তাদের মধ্যে সহ-সভাপতি হয়েছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী হৃদয় সরদার, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহজাহান কাজী, সহ-সাধারণ সম্পাদক হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাকিল সরকার, সাংগঠনিক সম্পাদক হয়েছেন রসায়ন বিভাগের শিক্ষার্থী নাজমুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফাহিম মাহমুদ, কোষাধ্যক্ষ হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী খালিদ বিন ওয়ালিদ, দপ্তর সম্পাদক হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শান্ত মির্জা, প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এস এম সাইফ, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাইমুর রহমান। এছাড়াও নির্বাহী সদস্য হিসবে বাংলা বিভাগের শিক্ষার্থী ইমলাক হোসেন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাহমুদ বিল্লাহ, প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী রাব্বি মাদবর, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোঃ হাসিব এবং দর্শন বিভাগের শিক্ষার্থী এম এইচ শিমুল স্থান পেয়েছেন।
বাঁধন, ঢাকা কলেজ ইউনিটের নতুন কমিটিতে সভাপতির দায়িত্বে আসা শাহাদাত হোসাইন বলেন, মানবতার সেবায় বাঁধন বিগত ২৫ বছরে প্রায় সাড়ে নয় লাখ ব্যাগ রক্ত সরবরাহ করেছে সারা বাংলাদেশে। তারই ধারাবাহিকতায় ঢাকা কলেজে ১৮ জুন, ২০০১ সালে বাঁধনের কার্যক্রম শুরু হয়েছিলো। ঢাকা কলেজ ইউনিটের বয়স আজ ২২ বছর। ঢাকা কলেজের বাঁধনকর্মী এবং সম্মানিত রক্তদাতাগণ নিয়মিত ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে রক্তদান করে থাকেন। এছাড়াও বাঁধন, ঢাকা সিটি জোন গঠনেও ঢাকা কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গুরুত্বপূর্ণ এই ইউনিটের সভাপতি হিসেবে মানবতার সেবায় যেন সফলভাবে কার্যক্রম পরিচালনা করতে পারি সেজন্য সবার সহযোগিতা চাই।
একইসাথে ঢাকা কলেজে বাঁধনের স্বেচ্ছাসেবা কার্যক্রম আরো বাড়ানোর কথা জানান নতুন সাধারণ সম্পাদক তাসকিন আহমেদ কাজল। তিনি বলেন, বাঁধন মানবতার সেবায় দীর্ঘ ২৫ বছর যাবত কাজ করে যাচ্ছে। যাতে করে কেউ রক্তের অভাবে কখনো মৃত্যু বরণ না করে, তাই আমার সবাই মিলে চেষ্টা করবো ব্লাড ডোনার মেনেজ করে দেওয়ার জন্য । বাঁধন থেকে যাতে মানুষের বিপদে-আপদে উপকার করতে পারি এই লক্ষ্যে কাজ করবো। আমাদের স্বপ্ন একদিন বাংলাদেশের সকল মানুষ নিজ নিজ রক্তের গ্রুপ জানবে। সেই সাথে আমরা মানুষ কে রক্তদানে অনুপ্রেরণা দিবো। এছাড়া রক্তদান করা এবং রক্তদানে সহযোগিতা করা আমাদের উদ্দেশ্য। ঢাকা কলেজের সাধারণ সম্পাদক হিসেবে আমাকে দায়িত্ব প্রদান করার জন্য সাবজেক্ট কমিটির প্রতি কৃতজ্ঞতা। এগিয়ে যাক বাঁধন। জয় হোক মানবতার।