রিকশাচালকের সততায় লাখ টাকার ল্যাপটপ ফিরে পেলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

২১ আগস্ট ২০২৬, ০৯:৫০ PM
 রিকশা চালকের সঙ্গে ল্যাপটপ হারানো শিক্ষার্থী ও তার বন্ধুরা

রিকশা চালকের সঙ্গে ল্যাপটপ হারানো শিক্ষার্থী ও তার বন্ধুরা © টিডিসি ছবি

হারিয়ে যাওয়ার একদিন পর লাখ টাকা মূল্যের ল্যাপটপ ফিরে পেয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী। ল্যাপটপটি খুঁজে পেয়ে নিজের কাছে রেখে দিয়েছিলেন সামছুল আলম নামের এক রিকশাচালক। পরে সিসিটিভি ফুটেজের মাধ্যমে রিকশাটি শনাক্ত করে ওই চালকের সঙ্গে যোগাযোগ করলে তিনি নিজ উদ্যোগে ল্যাপটপটি শিক্ষার্থীর কাছে ফিরিয়ে দেন। সামছুল আলমের এমন সততায় প্রশংসায় ভাসছেন তিনি। 

ঘটনাটি ঘটে গত ১৮ আগস্ট। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেট থেকে অটোরিকশায় উত্তরার দিকে যাচ্ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৪১ ব্যাচের শিক্ষার্থী ইমাম আরাফাত সৈকত। এ সময় তাঁর সঙ্গে একটি ল্যাপটপ ছিল। বাবল র‍্যাপ দিয়ে প্যাক করা ল্যাপটপটি নিয়ে উত্তরা যাওয়ার পথে পঞ্চকোটি এলাকায় তাড়াহুড়ো করে অটোরিকশা থেকে নেমে যান তিনি। তবে ল্যাপটপটি অটোরিকশায় রয়ে যায়।

পড়ে সৈকত ও তাঁর বন্ধুরা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আশপাশের বিভিন্ন এলাকায় ল্যাপটপটি খুঁজতে শুরু করেন। একই সঙ্গে অটোরিকশাটি শনাক্ত করতে বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করেন তাঁরা।

পরদিন ১৯ আগস্ট বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অটোরিকশাটি শনাক্ত করেন সৈকত ও তাঁর বন্ধুরা। ফুটেজ দেখে চালকের চেহারাও চিনতে পারেন তাঁরা।

এরপর ওই দিন বিকেলে খাগান বাজার থেকে বাজার করে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে হঠাৎ সেই অটোরিকশাটি দেখতে পান সৈকত। সঙ্গে সঙ্গে খাগানে থাকা এক বন্ধুকে ফোন করেন তিনি। পরে তাঁর বন্ধু দ্রুত ঘটনাস্থলে এসে অটোরিকশাচালক সামছুল আলমকে শনাক্ত করে থামান। কিছুক্ষণ পর সেখানে পৌঁছান সৈকতও।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে শিক্ষার্থী ইমাম আরাফাত সৈকত বলেন, “মামা (রিকশাচালক) দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই নিজ থেকে বলে, কিছু কি হারাইছে? আমার ল্যাপটপ হারা গেছে বলতে ই, মামা বলে যে, আমার কাছে আছে তো। আমি তো তোমারে সারাদিন ধরে খুঁজতেছি। পাইছি না কোথাও।”

সামছুল আলম তখন শিক্ষার্থীকে জানান, “আমি কয়েকবার ড্যাফোডিলের আশেপাশে চক্কর মারছি, কিন্তু কোথাও পাইনি। আমার বাসায় আছে ল্যাপটপ। আমার বাসা থেকে নিয়ে আসি, চলো।”

পরে সামছুল আলমের সঙ্গে তাঁর বাসায় যান সৈকত। সেখান থেকে ল্যাপটপটি নিয়ে এসে শিক্ষার্থীর হাতে তুলে দেন ওই রিকশাচালক।

ল্যাপটপ ফিরে পাওয়ার পর সামছুল আলমের সততার প্রশংসা করে সৈকত বলেন, ‘মেইন কথা হচ্ছে কি যে মামার মতো ভালো মানুষ আছে বলেই পৃথিবীতে এখনো টিকে আছে।’

একদিনের মধ্যেই ল্যাপটপ ফিরে পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি এক্সপেক্ট তো করি, এই যে পাবো, এত তাড়াতাড়ি পাবো, যে একদিনের মধ্যেই পাবো। মামা সারাদিন নাকি আমারে খুঁজছে, এখানে-ওখানে খুঁজতে, কিন্তু আমারে পাই নাই।’

মূল্যবান ল্যাপটপটি চাইলে অন্যত্র রেখে দেওয়া, বিক্রি করে দেওয়া কিংবা ফেরত না দেওয়ার সুযোগ থাকলেও সামছুল আলম তা করেননি বলে জানান সৈকত। তিনি বলেন, ‘উনি চাইলে তো অন্যের জিনিসটা কোথাও লুকিয়ে দিতে, বিক্রি করে দিতে বা ফেরত না দিতে পারতো। কিন্তু ওইটা না করে আমারে সারাদিন খোঁজাখুঁজি করে যোগাযোগ করতেছে এবং আমার জিনিসটা ফেরত দিলেন।’

ল্যাপটপ ফিরে পাওয়ার পর শিক্ষার্থী ও তাঁর বন্ধুরা বিষয়টি অনলাইনে প্রকাশ করেন। এরপর বিশ্ববিদ্যালয় এলাকাজুড়ে সামছুল আলমের সততার প্রশংসা শুরু হয়। দীর্ঘদিন ধরে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আশপাশে চলাচলকারী শিক্ষার্থীদের কাছেও তিনি পরিচিত একজন রিকশাচালক বলে জানা গেছে।

সামছুল আলমের বাড়ি পাবনায়। বিশ্ববিদ্যালয় এলাকার পরিচিতজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষার্থীদের সঙ্গে তাঁর দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। ভালো ব্যবহার ও আন্তরিকতার কারণে তিনি অনেক শিক্ষার্থীর কাছেই পরিচিত মুখ।

লাখ টাকা মূল্যের ল্যাপটপ পাওয়ার পরও সেটি নিজের কাছে রেখে না দিয়ে মালিককে খুঁজে বের করে ফিরিয়ে দেওয়ার ঘটনায় সামছুল আলমের সততা ও মানবিকতার প্রশংসা করেছেন শিক্ষার্থী ও তাঁর বন্ধুরা। তাঁদের মতে, ব্যস্ত নগরজীবনে এমন সততার দৃষ্টান্ত মানুষের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরও বাড়িয়ে দেয়।

রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা দিল ফিফা
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে উঠবেন কবে
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পরিচয় জেনে নিন
  • ২১ আগস্ট ২০২৬