কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ব্যক্তিগত গোপনীয়তা ও তথ্য সুরক্ষা নিয়ে এসইউবিতে সেমিনার

২৯ নভেম্বর ২০২৬, ১১:৩১ AM
সেমিনারে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের একাডেমিক অ্যাডভাইজার অধ্যাপক ড. শাহ মোস্তফা খালেদ। এতে সিএসই, ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন

সেমিনারে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের একাডেমিক অ্যাডভাইজার অধ্যাপক ড. শাহ মোস্তফা খালেদ। এতে সিএসই, ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন © সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান ব্যবহার ও ডিজিটাল প্রযুক্তির বিস্তারের ফলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল সচেতনতা বাড়ানো এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষা সম্পর্কে ধারণা দিতে ‘ক্রাইসিস অব প্রাইভেসি ইন দ্য এইজ অব এআই’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ।

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিজয় টাওয়ারে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের একাডেমিক অ্যাডভাইজার অধ্যাপক ড. শাহ মোস্তফা খালেদ।

সেমিনারে অধ্যাপক ড. শাহ মোস্তফা খালেদ বলেন, ডিজিটাল যুগে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করা শুধু প্রযুক্তিগত বিষয় নয়; বরং এটি প্রত্যেক ব্যক্তির সচেতনতা ও দায়িত্বশীল আচরণের ওপরও নির্ভরশীল। অনলাইনে প্রয়োজনের অতিরিক্ত ব্যক্তিগত তথ্য প্রকাশ না করা, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে সংবেদনশীল তথ্য আদান-প্রদানে সতর্ক থাকা এবং ব্যবহৃত অ্যাপ্লিকেশনের গোপনীয়তা নীতি ও অনুমতিসমূহ সম্পর্কে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আলোচনায় বিনা মূল্যে ব্যবহৃত বিভিন্ন ডিজিটাল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের বিষয়টি উঠে আসে। ব্যবহারকারীর অজান্তে এসব তথ্য কীভাবে তৃতীয় পক্ষের সঙ্গে ভাগাভাগি করা হতে পারে, সে বিষয়েও আলোচনা করেন বক্তা। পাশাপাশি সিঙ্গেল সাইন-অন ব্যবস্থার মাধ্যমে একাধিক অ্যাপ্লিকেশন ও ডিজিটাল সেবায় প্রবেশের সুবিধা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তার ঝুঁকি ব্যাখ্যা করেন তিনি।

সেমিনারে ডিজিটাল নজরদারি, অনলাইনে সম্মতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার নিয়েও আলোচনা হয়। বিশেষ করে ছবি ধারণ, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ছবি সংগ্রহ ও ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি নেওয়া এবং ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল থাকার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সেমিনারে সিএসই, ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। আলোচনায় অংশ নিয়ে তারা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ব্যক্তিগত তথ্য সুরক্ষা, ডিজিটাল নিরাপত্তা ও প্রযুক্তির নৈতিক ব্যবহার সম্পর্কে ধারণা পান।

উল্লেখ্য, শিক্ষার্থীদের গবেষণামুখী সক্ষমতা, একাডেমিক জ্ঞান ও পেশাগত দক্ষতা বিকাশের লক্ষ্যে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিএসই বিভাগের কম্পিউটিং ক্লাব নিয়মিত বিভিন্ন সেমিনার, কর্মশালা ও একাডেমিক কার্যক্রমের আয়োজন করে আসছে। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের সমসাময়িক প্রযুক্তিগত চ্যালেঞ্জ, গবেষণা ও উচ্চশিক্ষার সম্ভাবনা সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ পেশাগত প্রস্তুতিতে সহায়তা করা হচ্ছে।

আর্মড ফোর্সেস মেডিকেলসহ ৭ মেডিকেলে ভর্তি কার্যক্রম শুরু আজ,…
  • ২৯ নভেম্বর ২০২৬
উচ্চশিক্ষার জন্য এশিয়ার সেরা ১০ বিশ্ববিদ্যালয়
  • ২৯ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আ. লীগের লকডাউনে বিপাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন…
  • ২৯ নভেম্বর ২০২৬
রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, এরপর ‘মাথায় প…
  • ২৯ নভেম্বর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ব্যক্তিগত গোপনীয়তা ও তথ্য সুরক্ষা…
  • ২৯ নভেম্বর ২০২৬
এভিয়েশন ও ভ্রমণ কনটেন্টে অবদানের স্বীকৃতি, ইনফ্লুয়েন্সার …
  • ২৯ নভেম্বর ২০২৬