স্প্রিং সেমিস্টার ২০১৯-এর নতুন শিক্ষার্থীদের বরণ করে নিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি। শনিবার (৫ জানুয়ারি) সকালে তুরাগ নদীর তীরে পার্ক ও লেক সম্বলিত আইইউবিটির দৃষ্টি নন্দন গ্রিন ক্যাম্পাসের অডিটরিয়ামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের আইইউবিএটির মিশন, ভিশন, একাডেমিক নিয়ম, ক্যারিয়ার সার্ভিস, গ্রন্থাগার, আইটি, ক্লাব অ্যাক্টিভিটি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে ভিডিও চিত্র দেখানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরা হয়।
সকাল ৯টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রায় ১২০০ শিক্ষার্থী অংশ গ্রহণ করে। আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড.আব্দুর রবের সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড.হামিদা আখতার বেগম, রেজিস্ট্রার অধ্যাপক মো: লুৎফর রহমান, প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. মো: শহীদুল্লাহ মিয়া, ব্যবসায় অনুষদের ডীন অধ্যাপক সিরজউদ্দৌলা শাহীনসহ অন্যান্য অধ্যাপকরা। উপাচার্য অধ্যাপক ড.আব্দুর রব তার বক্তব্যে বলেন, আইইউবিএটি উচ্চশিক্ষা ও গবেষণার পাশাপাশি মুক্তবুদ্ধি চর্চার পবিত্র অঙ্গন। যে শিক্ষা মানুষের শুভবোধকে উন্মোচিত করে, চেতনাকে করে দেশপ্রেমে উদ্ভাসিত, মেধা ও অভিজ্ঞতাকে দেশের কল্যাণে ধাবিত করে, সেই শিক্ষার আদর্শ ক্ষেত্র এই বিশ্ববিদ্যালয়। তিনি নবীন শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং তাদের সুখী-সমৃদ্ধ বাংলাদেশের রূপায়ণে নিবেদিত হতেও আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও প্রশাসন পরিচালক অধ্যাপক সেলিনা নার্গিস, সকল বিভাগের বিভাগীয় প্রধান, ডাইরেক্টর, কো-অর্ডিনেটর, শিক্ষকবৃন্দ, অ্যালামনাই, কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।
পরিচয় পর্ব শেষে নবীন শিক্ষার্থীরা তাদের প্রিয় ক্যাম্পাস ঘুরে দেখে। উল্লেখ্য সম্প্রতি ছয়টি অনুষদের অধীনে নয়টি স্নাতক সম্মান কোর্সে বিপুল সংখ্যক পরীক্ষার্থীর অংশগ্রহণে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।