শিক্ষার্থী ভর্তি

ঘুরে দাঁড়িয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়

০৫ নভেম্বর ২০১৮, ০২:০৭ PM

শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ঘুরে দাঁড়িয়েছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। ২০১৬ সালে হলি আর্টিজানসহ কয়েকটি জঙ্গি হামলায় শিক্ষার্থী জড়িত থাকার ঘটনায় ভাবমূর্তি সংকটে পড়েছিল এসব বিশ্ববিদ্যালয়; যার প্রভাব শিক্ষার্থী ভর্তিতেও পড়ে। জানা যায়, ওই বছর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী সংখ্যা প্রায় তের হাজার কমে যায়। তবে এক বছরের ব্যবধানেই এই সংখ্যা বাড়তে শুরু করেছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সর্বশেষ বার্ষিক প্রতিবেদন বলছে, ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষার্থী সংখ্যা বেড়েছে ১৭ হাজারের বেশি। যদিও ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে প্রায় ১৩ হাজার শিক্ষার্থী কমে যায়। 

সদ্য প্রকাশিত ইউজিসির বার্ষিক প্রতিবেদন ২০১৭ পর্যালোচনায় দেখা যায়, ২০১৫ সালে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৫০ হাজার ১৩০। ২০১৬ সালে এই সংখ্যা কমে দাঁড়ায় ৩ লাখ ৩৭ হাজার ১৫৭। আর ২০১৭ সালে শিক্ষার্থী সংখ্যা পুনরায় বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৫৪ হাজার ৩৩৩। 

দেশে প্রথম সারির পুরনো বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। ইউজিসির প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থী ছিল মোট ৬ হাজার ১৮০ জন। ২০১৭ সালে এসে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯৩৫ জনে। এ হিসাবে এক বছরের ব্যবধানে বেসরকারি বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থী সংখ্যা বেড়েছে ৭৫৫ জন। 

১৯৯৬ সালে প্রতিষ্ঠিত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যাও বাড়ছে। ২০১৬ সালে বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থী সংখ্যা ছিল ১১ হাজার ২৬৫। গত বছর শিক্ষার্থী বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৯৩৫ জনে। অর্থাৎ বছরের ব্যবধানে এখানেও শিক্ষার্থী সংখ্যা বেড়েছে ৬৭০ জন। 

বিশ্বের অধিকাংশ দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা সরকারি বিশ্ববিদ্যালয় হতে বেশি

 

শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা এসএম মহিউদ্দিন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের কলেবর দিনদিন বাড়ছে। নতুন বিভাগ খোলার পাশাপাশি পুরনো বিভাগগুলোতেও আসন সংখ্যা বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ভালো হওয়ার ফলে শিক্ষার্থীরাও আগ্রহ নিয়ে ভর্তি হচ্ছে। ফলে শিক্ষার্থী সংখ্যা বাড়ছে। এছাড়া উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বাড়ার ফলে সার্বিকভাবেই দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী সংখ্যা বাড়ছে। 

শিক্ষার্থী বেড়েছে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা আরেক উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ব্র্যাক বিশ্ববিদ্যালয়েও। বিশ্ববিদ্যালয়টিতে ২০১৬ সালে শিক্ষার্থী ছিল ৭ হাজার ৪০১। গত বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৩০৩ জনে। অর্থাৎ শুধু ব্র্যাকেই এক বছরে শিক্ষার্থী বেড়েছে  ৯০২ জন। শিক্ষার্থী সংখ্যা বাড়ার তালিকায় রয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকও। ৪০০-এর মতো শিক্ষার্থী বেড়েছে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যলয়টিতে। ২০১৬ সালে বিশ্ববিদ্যালয়টিতে ৪ হাজার ৮১৩ জন শিক্ষার্থী থাকলেও গত বছর তা বেড়ে দাঁড়ায় ৫ হাজার ১৮৫ জনে।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০১৫ সাল পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছিল। ২০১১ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষার্থী ছিল ২ লাখ ৮০ হাজার ৮২২। পরের বছর এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩ লাখ ১৪ হাজার ৬৪০। ধারাবাহিকভাবে বেড়ে ২০১৩ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় ৩ লাখ ২৮ হাজার ৭৩৬, ২০১৪ সালে ৩ লাখ ৩০ হাজার ৭৩০ ও ২০১৫ সালে সাড়ে তিন লাখ। ২০১৬ সালে এসে শিক্ষার্থী বৃদ্ধির এ ধারাবাহিকতায় ছেদ পড়ে। যদিও ২০১৭ সালে এসে শিক্ষার্থী সংখ্যার দিক থেকে ঘুরে দাঁড়াতে পেরেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। 

সার্বিক বিষয়ে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থী ও অভিভাবকরা আগের চেয়ে অনেক সচেতন হয়েছে। শিক্ষার মান ও পরিবেশ ঠিক না রাখলে যে শিক্ষার্থী হারাতে হয়, সেটি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো প্রমাণ পেয়েছে। তিনি মনে করেন, বিশ্ববিদ্যালয়গুলোর উচিত উচ্চশিক্ষার মৌলিক সুবিধাদি নিশ্চিতের পাশাপাশি যোগ্য ও প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ দেয়ার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে গ্রহণযোগ্যতা অর্জন করা। কেননা শিক্ষার্থীদের আকৃষ্ট করতে উচ্চশিক্ষায় উন্নত পরিবেশ সৃষ্টির বিকল্প নেই।

ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট…
  • ২৯ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে বজ্রপাতে প্রাণ গেল শিক্ষার্থ…
  • ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই ইরানের জন্য কেন ‘ট্রেড করিডর’…
  • ২৯ এপ্রিল ২০২৬
চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে সন্তানকে বাঁচালেন বাবা, যেন সিন…
  • ২৯ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রসহ বৃষ্টির …
  • ২৯ এপ্রিল ২০২৬