শিক্ষানবিসদের ক্যারিয়ার বিষয়ক আলোচনা সভায় বক্তারা

একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি জানতে হবে এর ফলিত দিকগুলো

০৬ জুন ২০১৮, ০৮:৪৬ PM
‘ব্রিজিং দ্য গ্যাপ ইন্ডাস্ট্রি একাডেমিয়া প্যানেল ডিসকাশন’

‘ব্রিজিং দ্য গ্যাপ ইন্ডাস্ট্রি একাডেমিয়া প্যানেল ডিসকাশন’

বিশ্বায়নের সাথে বদলাচ্ছে পেশাগত দৃষ্টিভঙ্গি। গবেষণা, কোর্স সমন্বয়, ব্যবসায়িক উদ্যোগ এবং কর্পোরেট কালচারে প্রতিনিয়ত নতুনত্ব আসছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাই একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি জানতে হবে এর ফলিত দিকগুলো সম্পর্কে। শুধু কোর্স আউটলাইন এবং বিজনেস টার্ম সম্পর্কে ধারণা থাকলেই হবে না, ব্যবহারিক খাতে তা প্রয়োগের উপায়ও জানতে হবে।
গতকাল ব্র্যাক বিজনেস স্কুল (বিবিএস) আয়োজিত ‘ব্রিজিং দ্য গ্যাপ: ইন্ডাস্ট্রি একাডেমিয়া প্যানেল ডিসকাশন’ শীর্ষক শিক্ষানবিসদের ক্যারিয়ার বিষয়ক এক আলোচনা সভায় কথাগুলো বলেন বক্তারা। ব্র্যাক ইউনিভার্সিটি অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৈয়দ সা’দ আন্দালিব।

  শিক্ষানবিসদের ক্যারিয়ার বিষয়ক আলোচনা সভায় বক্তারা

অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্যানেল ডিসকাশন শুরু হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সেতুবন্ধনে কী করা উচিৎ-- এ প্রশ্নের জবাবে সিটি ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) নাজমুল করিম চৌধুরী বলেন, দেশের শিক্ষার্থীদের যথেষ্ট যোগ্যতা রয়েছে কিন্তু তাদের ঝুঁকি গ্রহণের ক্ষমতা নেই। তাদের নিত্যনতুন ধারণাকে প্রায়োগিক দিকে কাজে লাগাতে হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এজন্য একাডেমিক সিলেবাসে পরিবর্তন আনা উচিৎ। বিশ্ববিদ্যালয়গুলোকে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীরা এর ফলিত দিকগুলো সম্পর্কে জানতে পারে এবং আত্মবিশ্বাসের সাথে নিজেদের লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হবার মত ঝুঁকি নিতে পারে।
ক্যারিয়ারের ক্ষেত্রে একাডেমিক শিক্ষার সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করতে গিয়ে ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মীর সাজেদুল বাশার বলেন, আমাদের দেশের শিক্ষার্থীদের মানসিকতা সিজিপিএ কিংবা গ্রেড নির্ভর হয়ে গেছে। তারা মনে করে ভালো গ্রেড পেলে ভালো চাকরি পাওয়া যাবে। আর এজন্য দেশের শিক্ষাব্যবস্থা বহুলাংশে দায়ী। আবার কিছু কিছু কোম্পানি চাকরির আবেদন মঞ্জুরের ক্ষেত্রে ভালো গ্রেডের উপর গুরুত্বারোপ করেন। অথচ কর্পোরেট জগতে সফলতা নির্ভর করে কে কতটা দক্ষতা, সততা, ধৈর্য এবং বাস্তবিক অভিজ্ঞতার নিরীখে কাজ করতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এসব মৌলিক বিষয়গুলোর ওপর জোর দেয়া উচিৎ বলে তিনি মনে করেন।
অনুষ্ঠানের অপর অতিথি ফ্রন্টায়ার টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা চৌধুরী বলেন, প্রযুক্তির যুগে শিক্ষার্থীদের আবেগিক বুদ্ধিমত্তার বিকাশ আরো বেশি হওয়া উচিৎ। বিজনেসের টার্মগুলো শিখলেই হবে না, বিভিন্ন জার্নাল পড়তে হবে। আন্তর্জাতিক অঙ্গনে কী হচ্ছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি কতটুকু হচ্ছে, নতুন কী ধরনের আইডিয়ার উদ্ভাবন হচ্ছে সেগুলো সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
মিউচুয়াল ফান্ডের ওপর গুরুত্ব দিতে গিয়ে ওমেগা এবং ইফাদ গ্রুপের পরিচালক রিজওয়ান আলী বলেন, বিজনেস স্কুলের অনেক শিক্ষার্থীই মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানে না অথচ তারা পুঁজিবাজার নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে। শিক্ষার্থীদের প্রতিষ্ঠানিক কাজের অভিজ্ঞতা বাড়ানোর বিষয়ে ম্যাগনিটো ডিজিটালের ক্রিয়েটিভ হেড কৌশিক দে বলেন, ইন্টার্নশিপের আধিক্য বাড়াতে হবে। প্রতিষ্ঠানের উচিৎ অনুসন্ধিৎসু শিক্ষার্থীদের সুযোগ দেয়া, তাদের কর্পোরেট কালচার শেখানো। নতুনদের যদি বেশি সুযোগ দেযা হয় তবেই তারা একদিন প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন র‌্যাপটাইলস ফার্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুশতাক আহমেদ, এলআর গ্লোবাল বাংলাদেশ এসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান বিনিয়োগ কর্মকর্তা রাশেদ হাসান এবং অশোকা ইনোভেশন ফর দ্য পাব্লিকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ চৌধুরী রবিন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিবিএসের সহকারী অধ্যাপক মেহরীন মামুন।

ট্যাগ: রাজনীতি
ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রী অদিতাকে হত্যা, গৃহশিক্ষকের মৃ…
  • ২৯ এপ্রিল ২০২৬
হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: …
  • ২৯ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুর সরকারি কলেজে পাল্টা হামলা-ভাঙচুর গ্রাফিক আর্টস …
  • ২৯ এপ্রিল ২০২৬
পিবিআইয়ের রহস্য উদঘাটন: পরকীয়া ও পারিবারিক দ্বন্দ্বে বেনাপো…
  • ২৯ এপ্রিল ২০২৬
সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • ২৯ এপ্রিল ২০২৬
মেডিকেলের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনের তারিখ ঘো…
  • ২৯ এপ্রিল ২০২৬