© টিডিসি ফটো
দেশে ক্রমশ ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। আর তাতে চরম বিপাকে পড়েছেন সমাজের খেটে খাওয়া মানুষ। অসহায় এসব মানুষের পাশে দাঁড়াতে প্রতিটি জেলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কাজ করছে। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অসহায়দের ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে ছাত্র অধিকার পরিষদ।
শনিবার (১৬ মে) সংগঠনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে উপজেলার ২৫টি হতদরিদ্র পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেছে তারা। এছাড়া ১৫ জন শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা করা হয়েছে।
ত্রাণ সহায়তা কার্যক্রমে উপস্তিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন আকাশ এবং চট্টগ্রাম যুগ্ম আহবায়ক এরশাদুল ইসলাম ও তৌহিদুল ইসলাম।
এ বিষয়ে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আকাশ বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। অসহায়দের সহযোগিতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক এরশাদুল ইসলাম বলেন, দেশের যেকোনো দুর্যোগে তরুণ যুব সমাজ এবং ছাত্ররা বারবার নিজেদের সর্বোচ্চ দিয়ে দেশ সেবায় নিয়োজিত ছিল। বাঁশখালীতে কেউ ত্রাণ সহায়তা করতে চাইলে ছাত্র অধিকার পরিষদ সেচ্ছাসেবক হয়ে তা পৌঁছে দিতে কাজ করবে। বাঁশখালী ছাত্রসমাজের প্রতি অনুরোধ আপনারা প্রতিবেশীদের খোঁজ নিন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ভীত নয় সতর্ক থাকুন।