জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম © সংগৃহীত
পিরোজপুরের মুক্তিযোদ্ধা মানিক পশারীর লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জানাজা পড়া ও লাশ দাফনের অধিকার প্রত্যেক মানুষের ন্যূনতম মানবিক ও ধর্মীয় অধিকার। ফ্যাসিবাদের বিপরীতে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো পরিস্থিতিতেই ফ্যাসিস্টদের পথ অনুসরণ করা যাবে না।
সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশে মানুষের জানাজা ও দাফনের মতো ন্যূনতম অধিকারও কেড়ে নিয়েছিল। জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এমন দৃশ্য আর দেখতে চান না তাঁরা।
নাহিদ ইসলাম বলেন, মুজিববাদীরা শহীদ মিনারে পিয়াস করিম ও আল মাহমুদের মরদেহ নিতে দেননি এবং সাধারণ মানুষকে শ্রদ্ধা জানাতে বাধা দিয়েছিলেন। বিরোধী দলের অনেক নেতার জানাজাও ঢাকায় করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তবে গণ-অভ্যুত্থানের পর ঢাকায় আওয়ামী লীগ নেতা তোফায়েলের জানাজা এবং তার নিজ এলাকায় আওয়ামী লীগ নেতা এ কে এম রহমতুল্লাহর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করেন নাহিদ। তার ভাষ্য, সংসদীয় রীতি অনুযায়ী শোক প্রকাশও করা হয়েছে। ফ্যাসিস্টদের মানবাধিকারের পক্ষেও তাঁরা কথা বলেছেন এবং ভবিষ্যতেও বলবেন। কারণ, শত্রুর সঙ্গেও ন্যায়বিচার করতে শিখতে হবে।
মানবাধিকার নিয়ে সাম্প্রতিক আলোচনার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, গত ১৬ বছরে অনেকেই মানবাধিকারের কথা বলেননি। মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর দেশজুড়ে হত্যাকাণ্ডের সময় ঢাকার অনেক মানবাধিকারকর্মী নীরব ছিলেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর মতে, মানবাধিকারের প্রশ্ন উঠলে সেসব হত্যাকাণ্ডের বিচারও নিশ্চিত করতে হবে।
নাহিদ ইসলাম আরও বলেন, অতীতে মরদেহের ওপর উল্লাস, কবর ভাঙচুর এবং জানাজা পড়তে না দেওয়ার ঘটনাকে স্বাভাবিক বিষয়ে পরিণত হতে দেখেছেন তাঁরা। শহীদ ওসমান হাদীর কবর উৎখাতের পক্ষে জনসমর্থন তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, এত কিছুর পরও ফ্যাসিস্টদের পথ অনুসরণ করা যাবে না। ফ্যাসিবাদের বিপরীতে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। পিরোজপুরে মানিক পশারীর লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, সব নাগরিকের মানবিক মর্যাদা ও মানবাধিকারের পক্ষে তারা থাকবেন।