রাশেদ খাঁন © টিডিসি ছবি
বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী মিলে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, ১৯৯৬ ও ১৯৮৬ সালে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের জোটের প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, এখন আবার দল দুটি এক হয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
রাজশাহী সফরকালে প্রধানমন্ত্রীকে স্নাইপার দিয়ে হত্যার হুমকি দিয়ে এক যুবকের ফেসবুক পোস্টের প্রসঙ্গে তিনি বলেন, ওই ঘটনার পেছনে বিরোধী দলের ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখা উচিত। বিরোধী দলের উসকানিতেই ওই যুবক এমন দুঃসাহস দেখিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় জামায়াতের আমিরের সমালোচনা করে রাশেদ খাঁন তাঁর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলেন। পাশাপাশি আওয়ামী লীগ ও জামায়াতের কথিত ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্য সচিব ইলিয়াস রহমান মিঠু, কলেজের অধ্যক্ষ মশিয়ার রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।