দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা করে শেষ করা যাবে না: বিমানমন্ত্রী

১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫১ PM
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত © সংগৃহীত

দেড় বছরে অন্তর্বর্তী সরকার দেশের যে ক্ষতি করেছে, তা বর্ণনা করা যাবে না বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, প্রশাসনে যারা আছেন, তাদের বিষয়টি জানার কথা। বিভিন্নভাবে চক্রান্ত করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছিল অন্তর্বর্তী সরকার। কিন্তু জনগণ তা হতে দেয়নি।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত সামাজিক সুরক্ষা প্রদান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘আমাদের দুর্ভাগ্য ক্ষমতা নেওয়ার পরই বিশ্বজুড়ে যুদ্ধ লেগে গেলো। ইরান, ইউক্রেনের পর এখন সৌদি আরবে চলছে। নানা কারণে অর্থনৈতিক সংকটে পড়েছি। অর্থনৈতিক সংকট বিশ্বব্যাপী। ১৭ বছরে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের যে ক্ষতি করেছে, তা তো করেছেই। গত দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা দেয়া যাবে না।’

তিনি আরও বলেন, ইউরোপে ডিজেলের প্রতি লিটারের দাম বাংলাদেশের মুদ্রায় সাড়ে ৩০০ টাকা। অথচ দেশের কিছু অসভ্য লোক সাধারণ মানুষকে উসকে দিয়ে অকারণে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে বলছে। ‘বটবাহিনী’ মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, সরকার ও প্রশাসনের বিরুদ্ধে বটবাহিনী সক্রিয় রয়েছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এজন্য সাংবাদিকদের সহযোগিতা চান মন্ত্রী।

তিনি বলেন, মানুষকে স্বস্তি দিতে সরকার বদ্ধপরিকর। মাদকের সঙ্গে কোনো আপস করা হবে না। মাদকের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। দলের কেউ খারাপ কাজ করলে তাকে বহিষ্কার করতেও প্রস্তুত রয়েছে দল। সবকিছু স্বাভাবিক করতে সরকার চেষ্টা করছে উল্লেখ করে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

পরে মন্ত্রী পরিষদ চত্বরে অর্জুনগাছের চারা রোপণ করেন। এ ছাড়া পূজামণ্ডপে সরকারি সহায়তা, শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা এবং গরিব-অসহায় মানুষের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন তিনি। এ সময় প্রশাসনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) জোনাঈদ আফ্রাদ, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল্লাহ সওদাগর বিপ্লব, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাজহাজান শাওন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন এবং মহিলা দলের সভাপতি শান্তি আক্তার শিউলী।

সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়ের ভারত যাওয়ার অনুমতি বাতিল
  • ১৬ অক্টোবর ২০২৬
তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার, সুযোগ পাবেন যারা
  • ১৬ অক্টোবর ২০২৬
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন আ…
  • ১৬ অক্টোবর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নেতৃত্বে সুমন-শিবলী
  • ১৬ অক্টোবর ২০২৬
এডিস মশা আগেভাগে শনাক্ত করবে ঢাবি গবেষকদের তৈরি ‘স্মার্ট ফা…
  • ১৬ অক্টোবর ২০২৬
বীকন ফার্মাসিউটিক্যালসে মেডিকেল ইনফরমেশন অফিসার নিয়োগে বিজ্…
  • ১৬ অক্টোবর ২০২৬