ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে এনসিপি ভোলা জেলা শাখার আয়োজনে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় বক্তব্য দিচ্ছেন সারজিস আলম © টিডিসি
সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগে দলীয় সুপারিশ কিংবা ভাইভা বোর্ডকে দলীয়করণের কোনো চেষ্টা করা হলে জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে এনসিপি ভোলা জেলা শাখার আয়োজনে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, ‘বিএনপি যদি তাদের অতীত অভ্যাসের মতো আবারও দলীয় সুপারিশে সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিতে চায় কিংবা ভাইভা বোর্ডকে দলীয় বোর্ডে পরিণত করার চেষ্টা করে, তাহলে জনগণ ঐক্যবদ্ধভাবে সেই অপচেষ্টা প্রতিহত করবে, ইনশাআল্লাহ।’
আরও পড়ুন: দেশের ৩০ শতাংশ শিক্ষার্থী জীবনভর ‘কঠিন সিদ্ধান্ত’ নেওয়ার কথা ভাবেন
সকাল ১০টায় শুরু হওয়া কর্মশালায় এনসিপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এতে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা, রাজনৈতিক কর্মপরিকল্পনা এবং মাঠপর্যায়ে দলীয় কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
কর্মশালায় বক্তারা তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বাড়ানো, জবাবদিহি নিশ্চিত করা এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও আলোচনা করেন।