সংরক্ষিত নারী আসনে এমপি প্রার্থী অধ্যক্ষ রাবেয়া খাতুন

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২১ PM , আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩ PM
অধ্যক্ষ রাবেয়া খাতুন

অধ্যক্ষ রাবেয়া খাতুন © সংগৃহীত ও সম্পাদিত

জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি সরকার গঠনের পর ৫০টি সংরক্ষিত নারী আসন নিয়ে আলোচনা চলছে। চলতি রমজানেই এসব আসনে নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে। সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন নেত্রকোণার পূর্বধলা উপজেলার শিক্ষাবিদ ও রাজনীতিক অধ্যক্ষ রাবেয়া খাতুন।

দীর্ঘদিন ধরে শিক্ষা ও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার নাম গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে। ব্যক্তিগত ও পারিবারিকভাবে রাজনৈতিক ঐতিহ্যের ধারক রাবেয়া খাতুন। তার পিতা মরহুম অ্যাডভোকেট মৌলভী আকবর আলী ছিলেন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য। স্বামী সাবেক সংসদ সদস্য ডা. মোহাম্মদ আলী নেত্রকোণা-৫ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। ফলে রাজনৈতিক পরিমণ্ডলে তার পারিবারিক পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করছেন রাজনৈতিকভাবে সচেতন নাগরিক মহল।

রাজনৈতিক জীবনে তিনি বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। ইতিপূর্বে তিনি তেজগাঁও থানা বিএনপির সাবেক সদস্য এবং মহিলা দলের তেজগাঁও শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে সাংগঠনিক দ্বায়িত্বে ছিলেন। এছাড়া ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণের অভিজ্ঞতাও রয়েছে তার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী রাবেয়া খাতুন শিক্ষকতায় যুক্ত হয়ে পূর্বধলায় নারী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে গভর্নিং বডির সভাপতির দায়িত্বে রয়েছেন।

মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ রাবেয়া খাতুন বলেন, দলের সুসময়-দুঃসময় সর্বদাই পাশে ছিলাম। রাজনীতির পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডে জনসাধারণের সাথে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছি। দল যদি মনোনয়ন দেয় তাহলে দলের আদর্শ ও জনগণের প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকব।

দৃষ্টিপ্রতিবন্ধী জসিমের বাক্‌প্রতিবন্ধী স্ত্রী—ভিক্ষা নয়,পর…
  • ১২ অক্টোবর ২০২৬
নিখোঁজের একদিন পর উদ্ধার স্কুলছাত্র, অপহরণের কথা বলে টাকা আ…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্…
  • ১২ অক্টোবর ২০২৬
১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬