ইউক্রেনে গুলিবিদ্ধ ছাত্র © সংগৃহীত
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নবম দিনে আরও এক ভারতীয় ছাত্র গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। রাজধানীর কিয়েভে গুলিবিদ্ধ হন ওই ছাত্র। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার (৩ মার্চ) ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও সাবেক সেনা প্রধান জেনারেল ভি কে সিং বিষয়টি নিশ্চিত করেছেন। এ খবর দিয়েছে ডয়েচে ভেলে ও এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ভি কে সিং শিক্ষার্থীদের উদ্ধার করতে বিশেষ অভিযানে এখন ইউরোপে অবস্থান করছেন। অপারেশন গঙ্গায় যে চার মন্ত্রীকে পাঠানো হয়েছে, জেনারেল ভি কে সিং তার অন্যতম। ভি কে সিং জানিয়েছেন, আমরা খবর পেয়েছি, এক ছাত্রকে গুলি লেগেছে। সে বেঁচে আছে। তাকে কিয়েভের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ওই ছাত্রের নাম, পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে ইউক্রেনের সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, ওই ছাত্র কিয়েভ ছেড়ে পালানোর সময় লড়াইয়ের মধ্যে পড়ে যায়। তখনই তার গুলি লাগে।
রোমানিয়া, হাঙ্গেরি ও পোল্যান্ডের সীমান্তে পৌঁছেছে ভারতের একাধিক প্লেন। ছাত্রছাত্রীদের যেভাবেই হোক সীমান্ত পর্যন্ত পৌঁছানোর কথা বলা হচ্ছে। জানা গেছে, এ পর্যন্ত রোমানিয়া, হাঙ্গেরি ও পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন ৩ হাজার ৭২৬ জন ভারতীয়। এর আগে ইউক্রেনে রাশিয়ার হামলায় ভারতের আরও এক শিক্ষার্থী নিহত হন।
আরও পড়ুন- ইউক্রেনে প্রাণ হারালেন রাশিয়ার শীর্ষ মেজর জেনারেল
এদিকে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে অন্তত ৩৩ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। চেরনিহিভ শহরটি কিয়েভ থেকে ১২০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। সেখানে রুশ বাহিনী উত্তর দিক থেকে আক্রমণ চালাচ্ছে।
চেরনিহিভ অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ চাউস টেলিগ্রামে বলেন, ব্যাচেস্লাভ চাউস টেলিগ্রামে বলেন, চেরনিহিভ শহরের স্টারায়া পোদুসিভকা এলাকায় দুটি স্কুল এবং ব্যক্তিগত বাড়িতে হামলা চালিয়েছে রাশিয়ান যুদ্ধবিমান। উদ্ধারকারীরা ওই এলাকায় কাজ করছে।
চেরহিনিভ শহরে রুশ হামলার বেশ কিছু ছবি সামনে এনেছে ইউক্রেন। এসব ছবিতে দেখা যায়,হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ অ্যাপার্টমেন্টগুলো থেকে ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসছে এবং ভবনের ধ্বংসাবশেষ চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এছাড়া হামলায় নিহতদের মরদেহ স্ট্রেচারে করে বহন করতে দেখা যায় উদ্ধারকারীদের।