নাহিদ © টিডিসি ফটো
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় হিসাববিজ্ঞানে প্রথম হয়েও চূড়ান্ত গেজেটে নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন নাহিদ নামে এক প্রার্থী। বুধবার (৩০ সেপ্টেম্বর) ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশের পর নিজের ফেসবুক পোস্টে তিনি এ ক্ষোভের কথা জানান।
নাহিদ লিখেছেন, ‘যাই হোক, ভেবেছিলাম কিছু লিখবো না! কিন্তু সবার কল এবং ম্যাসেজের কারণে লিখতে বাধ্য হচ্ছি। ৪৯ তম বিসিএসে হিসাববিজ্ঞানে ১ম হয়েও আমার গেজেট হয়নি। কী কারণে তা আমি জানি না!’
তিনি আরও লিখেছেন, ‘ক্যাম্পাসের এবং গোপালগঞ্জের যারা আমাকে চিনেন, তারা আমার রাজনৈতিক ফিরিস্তি কমেন্ট বক্সে শেয়ার করে যাবেন।
ধন্যবাদ!’
বুধবার ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়। এতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত ফলে সাময়িকভাবে মনোনীত ৬৬৮ জনের মধ্যে ৫৭ জনের নাম গেজেটে স্থান পায়নি। গেজেটে বাদ পড়ার কারণ উল্লেখ করা হয়নি।
আরও দেখুন: ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
গত বছরের ১১ নভেম্বর ৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে ৬৮৩টি শূন্য পদের বিপরীতে ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল।
পিএসসি জানিয়েছিল, যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। পরবর্তী সময়ে যাচাই-বাছাই ও অন্যান্য প্রক্রিয়া শেষে চূড়ান্ত গেজেটে ৬১১ জনের নিয়োগ প্রকাশ করা হয়েছে।
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মাধ্যমে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ২৭ নভেম্বর ২০২৫ তারিখের ৮০.০০.০০০০.২০২.৬৪.০৪২.২৫-১৬২ নম্বর সুপারিশক্রমে এ প্রজ্ঞাপনের ৩ নম্বর অনুচ্ছেদে বর্ণিত ৬১১ (ছয়শত এগারো) জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুসারে টাকা ৪৪০০০-১০৫৯০০/- বেতনক্রমে নিম্নবর্ণিত শর্তে নিয়োগ প্রদান করা হলো।’
চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়া নিয়ে এরই মধ্যে কয়েকজন প্রার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।