চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির একটি সভায় দলের প্রধান শি জিন পিংসহ অন্যরা © সংগৃহীত
চীনের সরকারি দল চীনা কমিউনিস্ট পার্টির বিরোধিতা করে বা দল সম্পর্কে কারা বিরুপ মন্তব্য করছে সেসব অভিযোগ নিতে হটলাইন চালু করা হয়েছে। আগামী জুলাইয়ে পৃথিবীর বৃহত্তম দলটির শততম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই হটলাইন চালু করা হয়েছে। যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ কথা জানিয়েছে।
যারা অনলাইনে দলের ইতিহাস বিকৃত করে, নেতাদের নিয়ে কুৎসা রটায়, দলীয় নীতির সমালোচনা করে, জাতীয় বীরদের নিচু করে কথা বলে এবং সমাজতান্ত্রিক সংস্কৃতির অগ্রগতি নাকচ করে বক্তব্য দেয় তাদের সম্পর্কে চীনের নাগরিকরা অভিযোগ জানাতে পারবেন।
চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএসি) শুক্রবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
সিএসির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে কিছু লোক পার্টির ইতিহাস নিয়ে স্বেচ্ছায় নৈরাশ্যবাদি ও বিকৃত বক্তব্য ছড়াচ্ছে। আমরা আশ করি, ইন্টারনেটে বেশিরভাগ মানুষ সচেতনভাবে তথ্য শেয়ার করবে এবং বিকৃতি ছড়ানো হলে তার বিরুদ্ধে অভিযোগ জানাবে।
চীনে ইন্টারনেটে রাজনৈতিক ও ইতিহাস নিয়ে কথাবার্তা বলায় আগে থেকেই ব্যাপক কড়াকড়ি রয়েছে। তবে এবার চালু হওয়া হটলাইনে কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তা জানানো হয়নি।