বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান ও অনলাইন মার্কেটপ্লেস আলিবাবাকে ২৭৫ কোটি মার্কিন ডলার (১৮ বিলিয়ন ইউয়ান) জরিমানা করেছে চীন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।
এক প্রতিবেদনে রয়টার্স জানায়, একচেটিয়া ব্যবসা বিরোধী আইনে চীনা কর্তৃপক্ষ আলিবাবা গ্রুপ হোল্ডিংস লিমিটেডকে আজ শনিবার (১০ এপ্রিল) এই জরিমানা করেছে। জরিমানার পরিমাণ অনলাইন ব্যবসার ইতিহাসে রেকর্ড করেছে। এর আগে এতো বেশি জরিমানা কোনো প্রতিষ্ঠানকেই করেনি চীন।
আলিবাবা বলছে, জরিমানার পরিমাণ তাদের ২০১৯ সালের মোট আয়ের চার শতাংশ। জরিমানার বিষয়ে কথা বলতে আগামী সোমবার (১২ এপ্রিল) সংবাদ সম্মেলন করবে কোম্পানিটি।
বলা হচ্ছে, গত বছরের অক্টোবর থেকেই আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মার ওপর চীন সরকারের নাখোশ থাকার বিষয়টি সবার সামনে চলে এসেছে। ডিসেম্বরে আলিবাবার অ্যান্ট গ্রুপের তিন হাজার ৭০০ কোটি ডলারের আইপিও আটকে দেয় চীনা স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেশন্স (এসএএমআর)।
এসএএমআর এর অভিযোগ, ২০১৫ সাল থেকেই আলিবাবা বাজার নিয়ন্ত্রণ করে একচেটিয়া ব্যবসা করছে এবং অন্য প্রতিষ্ঠানের ব্যবসায় বাঁধা হয়ে দাঁড়িয়েছে।