চিহ্নিত হলো করোনার সবচেয়ে ভয়ঙ্কর রূপ

২৮ এপ্রিল ২০২০, ০৩:১৫ PM

© ফাইল ফটো

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের এখন পর্যন্ত ১১টি ধরন সম্পর্কে জানতে পেরেছেন গবেষকরা। তবে এগুলোর মধ্যে সবচেয়ে ভয়ানক টাইপটি খুঁজে পাওয়ার দাবি করেছেন ভারতীয় বিজ্ঞানীরা।

দেশটির ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োমেডিক্যাল জিনোমিক্স-এর দুই বিজ্ঞানী নিধানকুমার বিশ্বাস ও পার্থপ্রতিম মজুমদার করোনার নতুন এই টাইপ আবিষ্কার করেছেন। শুধু তাই নয় কেন সেটি এতটা সংক্রামক, তা-ও বিশ্লেষণ করেছেন তারা। ‘ইন্ডিয়ান জার্নাল অব মেডিক্যাল রিসার্চ’-এ সোমবার প্রকাশিত হয়েছে গবেষণাপত্রটি।

গবেষণাপত্রে বলা হয়েছে, পরীক্ষাগারে করোনা পরীক্ষার পর দেখা গেছে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ব্যাপকভাবে মিউটেশন বা পরিবর্তন ঘটেছে ভাইরাসটির গঠনে। প্রত্যেক ভাইরাসে ডিএনএ বা আরএনএ থাকে। ‘সার্স-কোভ-২’ আরএনএ ভাইরাস। এই জিনোমের গঠনে সামান্য অদলবদল ঘটে গিয়েই ভিন্ন চেহারা নেয় ভাইরাস। বাড়ায় সংক্রমণ ক্ষমতা। নিজেদের বাঁচার জন্যই তাদের এই লড়াই। ভাইরাস স্বাধীনভাবে বাঁচতে পারে না। বেঁচে থাকার জন্য তাদের বাসা বাঁধতে হয় কোনও প্রাণীর শরীরে। এক্ষেত্রে যা মানুষ (অর্থাৎ মানুষের শরীরের বাসা বেঁধে বাচার চেষ্টা করছে করোনাভাইরাস)।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাওয়া ভাইরাসটির আরএনএ সিকোয়েন্সের তথ্য থেকে তাদের গতিবিধির উপরে নজর রাখছিলেন নিধান ও পার্থপ্রতিম। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের ৬ এপ্রিল পর্যন্ত ৫৫টি দেশের ৩,৬৩৬ জন করোনা-রোগীর দেহ থেকে ভাইরাস-নমুনার আরএনএ সিকোয়েন্স নিয়ে গবেষণা করেন তারা।

পার্থ জানান, অন্যান্য ভাইরাসের মতো এটিও নিজের চেহারা বদলেছে। এখনও পর্যন্ত ‘ও’, ‘এ২’, ‘এ২এ’, ‘এথ্রি’, ‘বি’, ‘বি১’-সহ মোট ১১ ধরনের ভাইরাস মিলেছে। এর মধ্যে চিনে প্রথম সংক্রমণ ঘটায় ‘ও’। সেটি মূল। বাকি ১০টি তৈরি হয়েছে সময়ের সঙ্গে-সঙ্গে। এর মধ্যে এখন সব চেয়ে সংক্রামক ‘এ২এ’। পার্থপ্রতিম বলেন, ‘‘অবাক করা বিষয়, বেশির ভাগ ভৌগোলিক এলাকাতেই দেখা যাচ্ছে দখল নিয়েছে নভেল করোনাভাইরাসের ‘এ২এ’। ‘এ২এ’-র অস্তিত্ব প্রথম ধরা পড়ে ২৪ জানুয়ারি। মার্চ মাসের শেষের মধ্যে মোটামুটি অন্য সবাইকে সরিয়ে দিয়ে ৬০ শতাংশ দেশে সংক্রমণ ছড়িয়েছে এরাই।’’

নিধান জানান, ইউরোপ-আমেরিকায় সব চেয়ে বেশি দেখা যাচ্ছে ‘এ২এ’। আমাদের দেশে সেখান থেকে ‘এ২এ’ এসেছে। আবার চীন থেকে এসেছে ‘ও’। ইরান থেকে এসেছে ‘এথ্রি’। তিনি বলেন, ‘‘এ২এ এবং ও, দু’টোই শক্তিশালী। তবে এ২এ বেশি শক্তি ধরে।’’

তার কারণও ব্যাখ্যা করেছেন দুই বিজ্ঞানী। সার্স-কোভ-২ তার চরিত্র অনুযায়ী ফুসফুসে ঢুকে সংক্রমণ ছড়ায়। ভাইরাসটির স্পাইকে থাকা প্রোটিন মানুষের ফুসফুসে থাকা ‘এসিই২’ প্রোটিনটিকে কাজে লাগিয়ে কোষের উপরিভাগে ‘অ্যাঙ্কর’ করে বা জুড়ে যায়। এর পরে ফুসফুসে উপস্থিত অন্য একটি প্রোটিন তাকে কোষের ভিতরে প্রবেশ করাতে সাহায্য করে। ‘এ২এ’-র ক্ষেত্রে তার স্পাইকে থাকা অ্যামিনো অ্যাসিডটি ‘অ্যাসপারটিক অ্যাসিড’ থেকে বদলে ‘গ্লাইসিন’-এ পরিণত হয়। যা তার সংক্রমণ ক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছে।

এই দুই বিজ্ঞানী জানান, যেহেতু ভাইরাসটির মধ্যে এত পরিবর্তন ঘটছে, তাই ভ্যাকসিন বা প্রতিষেধক তৈরি বেশ চ্যালেঞ্জিং। ভাইরাসটি সম্পর্কে পুরোপুরি জানতে না-পারলে প্রতিষেধক তৈরি হলেও তা সবার শরীরে কাজ করবে না। সেই কাজেই সাহায্য করবে নিধান ও পার্থপ্রতিমের গবেষণা, আশাবাদী দুই বাঙালি গবেষক।
সূত্র: আনন্দবাজার

এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে: শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
প্রথম নারী এমপি পাচ্ছে মিরসরাইবাসী 
  • ২১ এপ্রিল ২০২৬
পিএসসি-জেএসসি পরীক্ষা পুনরায় চালুর প্রশ্নে যা বললেন শিক্ষাম…
  • ২১ এপ্রিল ২০২৬
ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্…
  • ২১ এপ্রিল ২০২৬
ছয় শর্তে সংসদ অধিবেশন সশরীরে দেখতে পারবেন শিক্ষার্থীরা
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত জোট থেকে নারী এমপির মনোনয়নপত্র জমা দিয়ে যা বললেন মা…
  • ২১ এপ্রিল ২০২৬