কেনিয়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ে পদদলিত হয়ে অন্তত ১৪ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ৩৯ জন।
সোমবার বিকেলে দেশটির পশ্চিমাঞ্চলীয় কাকামেগা প্রাথমিক বিদ্যালয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এ ঘটনায় আহত আরও প্রায় ৪০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। আহত কয়েকজনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
কেনিয়ার শিক্ষামন্ত্রী জর্জ মগোহা স্থানীয় গণমাধ্যমকে ১৪ শিক্ষার্থী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
কেনিয়ার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিকেল ৫টার দিকে শিশুরা স্কুল ছুটির পর বাসায় যেতে যখন ক্লাস থেকে বের হচ্ছিল সে সময়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
কীভাবে এ পদদলনের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে কাকামেগার পুলিশ কমান্ডার ডেভিড কাবেনা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন।