সর্বকনিষ্ঠ মেয়রকে গুলি করে হত্যা

২৭ মার্চ ২০২৪, ০৭:১৪ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৭ PM

লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের সর্বকনিষ্ঠ মেয়র ব্রিজিত গার্সিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে। গত শনিবার (২৩ মার্চ) দিবাগত রাতে ২৭ বছর বয়সী গার্সিয়া ও তার প্রেস অফিসারকে সান ভিসেন্টে শহরে একটি গাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। সেখানে তিনি গত বছর মেয়র নির্বাচনে জয়লাভ করেছিলেন। বিবিসি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং এর উদ্দেশ্য কী হতে পারে তা-ও স্পষ্ট নয়।

গার্সিয়া হলেন আন্দিয়ান দেশটিতে নিহত হওয়া সর্বশেষ রাজনীতিবিদ, যেখানে গত বছর প্রেসিডেন্ট পদপ্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওকে হত্যা করা হয়েছিল। গার্সিয়া এবং যোগাযোগ পরিচালক জাইরো লুরের মৃতদেহ স্থানীয় সময় রবিবার ভোরে পাওয়া যায়। পুলিশ বলেছে, গাড়ির ভেতর থেকে গুলি করে তাঁদের হত্যা করা হয়েছে এবং গাড়িটি ভাড়া করা হয়েছিল।

বিবিসি জানিয়েছে, গার্সিয়া পেশায় একজন নার্স। গত বছর ২৬ বছর বয়সে বিরোধী সিটিজেনস রেভল্যুশন দলের হয়ে সান ভিসেন্টের মেয়র নির্বাচিত হয়েছিলেন। সান ভিসেন্টে তিনি যে শহরটি শাসন করেছিলেন, সেটি মানবি প্রদেশে অবস্থিত। গার্সিয়াই মানবির প্রথম রাজনীতিবিদ নন, যাঁকে হত্যা করা হয়েছে।

জুলাই মাসে একজন বন্দুকধারী বন্দর শহর মান্তার মেয়র অগাস্টিন ইন্ট্রিয়াগোকে গুলি করে হত্যা করে, যিনি সম্প্রতি পুনর্নির্বাচিত হয়েছিলেন। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে পুয়ের্তো লোপেজ শহরে ভোট শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে মেয়র পদপ্রার্থী ওমর মেনেন্দেজকে হত্যা করা হয়েছিল।

দেশটিতে সহিংসতা মানবিতেই সীমাবদ্ধ থাকেনি। আগস্টে প্রেসিডেন্ট পদপ্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও রাজধানী কুইটোতে একটি প্রচার সমাবেশ থেকে বের হওয়ার সময় গুলিবিদ্ধ হন। ফার্নান্দোর হত্যার তদন্তকারী প্রসিকিউটররা বলেছেন, অপরাধী চক্র লস লোবোসের সদস্যরা কারাগারের ভেতরে থেকে এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিলেন।

ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া জানুয়ারিতে মাদক পাচারকারী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ের জন্য দুই মাসের জরুরি অবস্থা ঘোষণা করেন। ৭ মার্চ তা আরও এক মাস বাড়ানো হয়।

দেশটির সরকার বলছে, জরুরি অবস্থা ঘোষণার পর থেকে নিরাপত্তা বাহিনী দেড় লাখের বেশি অভিযান চালিয়েছে। ১০ হাজারের বেশি সন্দেহভাজনকে আটক করেছে তারা। [বিবিসি]

যেভাবে আশুরা পালন করতেন মহানবী (সা.)
  • ২৬ জুন ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষের ফরম পূরণের সময় আবারও বাড়াল জাতীয় বিশ্ববিদ্…
  • ২৬ জুন ২০২৬
ভূমিকম্পে নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান 
  • ২৬ জুন ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৬ জুন ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৬ জুন ২০২৬
ইতিহাস গড়ে জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর
  • ২৬ জুন ২০২৬