শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে ডা. মুরাদকে অভ্যর্থনা

১৭ আগস্ট ২০২২, ১০:২২ AM
নিষেধাজ্ঞা অমান্য করে অর্ভ্যথনা

নিষেধাজ্ঞা অমান্য করে অর্ভ্যথনা © ফাইল ছবি

শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, কাউকে অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রাস্তায় বা মাঠে দাঁড় করানো নিষেধ। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষার্থীদের প্রখর রোদে দাঁড় করিয়ে জামালপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানকে অভ্যর্থনা জানিয়েছে একটি বিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১৫ আগস্ট) সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহম্মদ উচ্চ বিদ্যালয় এই ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশিত হয়।

যেখানে দেখা গেছে, মুরাদ হাসান তার ব্যক্তিগত গাড়ি থেকে বিদ্যালয়ের গেটে নামেন। এ সময় তার সমর্থকরা বিভিন্ন স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। বিদ্যালয়ের ভবন থেকে গেট পর্যন্ত সারিবদ্ধভাবে আগে থেকেই দাঁড়ানো ছাত্রছাত্রীরা হাততালি দিতে থাকে। দুই পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের মাঝখান দিয়ে হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছেন তিনি।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন ও জাতীয় শোক দিবসের কর্মসূচির আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। যেখানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মুরাদ হাসান। এদিন বিকেলে ডিজিটাল ল্যাব পরিদর্শন, আলোচনাসভা ও কাঙালিভোজের আয়োজন করা হলেও শিক্ষার্থীদের দুপুরেই হাজির করানো হয়। প্রায় ঘণ্টাব্যাপী প্রখর রোদে দাঁড় করিয়ে রেখে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে অভ্যর্থনা দেওয়া হয়েছে। 

বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, সংসদ সদস্য মুরাদ হাসানকে স্বাগত জানাতে তারা সব ছাত্রছাত্রীই মাঠে দাঁড়িয়ে ছিল। বিদ্যালয় থেকে শিক্ষকরা তাদের উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছিলেন। না মেনে কী করতাম!

আরও পড়ুন: প্রকাশ্যে ডা. মুরাদ, অংশ নিলেন চাচার জানাজায়।

এ ব্যাপারে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুল আলম মানিক জানান, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুর রউফ বাচ্চু ও সদস্য বাবু শিক্ষার্থীদের লাইনে দাঁড় করিয়েছিলেন বলে শুনেছি। এটি নিয়মবহির্ভূত ও দুঃখজনক।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ মাহমুদ জানান, শোক দিবস উপলক্ষে মতিয়র রহমান তালুকদার বিদ্যালয়ে দুস্থদের জন্য খাবার বিতরণের আয়োজন করে। এমপি মহোদয় বিকেলের দিকে অনুষ্ঠানে আসেন। শিক্ষার্থীদের দুপুর থেকেই উপস্থিত করা হয়।

তবে এটি কোনো অপরাধ নয় বলে দাবি করেন বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরুজ্জামান। তিনি বলেন, শিক্ষার্থীরা এমপিকে ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানাননি, শুধু মাঠে লাইন ধরে দাঁড়িয়ে ছিল।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুর রউফ বাচ্চু অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষার্থীদের মাঠে লাইনে দাঁড়ানোর জন্য বলা হয়নি। প্রধান অতিথি বিদ্যালয়ে আসার কথা জানতে পেরে তারা দৌড়ে মাঠে লাইনে দাঁড়ায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক জানান, কাউকে অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রাস্তায় বা মাঠে দাঁড় করানো আইনগতভাবেই নিষেধ। প্রধান অতিথিকে অভ্যর্থনা জানানোর সঙ্গে শোক দিবসের তাৎপর্যের কোনো সংশ্লিষ্টতা নেই।

কেন আবারও স্টাইল হয়ে উঠছে তারযুক্ত হেডফোন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের পোষ্টের ৯ ঘন্টা পর আইডি হ্যাকের দাবি কতটা যৌ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
টাকার বিনিময়ে ভ্রমণের সুযোগ করে দেওয়ায় তিন রেলকর্মী সাময়িক…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৯ম পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে পাবিপ্রবিতে মানববন্ধন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১০ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬