হাওরের বাঁধে ধস © সংগৃহীত
সুনামগঞ্জের দিরাইয়ে হোরামন্দিরা হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে গেছে। গতকাল (১৭ এপ্রিল) সন্ধ্যা থেকে পানি ঢোকা শুরু হয়েছে। এতে ৩০০ হেক্টর বোরো ধান তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এই হাওরের অন্যান্য বাঁধও ঝুঁকিতে রয়েছে।
কৃষি বিভাগের তথ্য মতে, দিরাইয়ে হুরামন্দিরা হাওরে ১০০০ হেক্টর জমি রয়েছে। এখন পর্যন্ত ৭০০ হেক্টরের বোরো ধান কেটেছেন কৃষক। সন্ধ্যায় বাঁধ ভেঙে যাওয়ায় ৩০০ হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে স্থানীয়রা বলছেন, হাওরে জমির পরিমাণ আরও বেশি। কৃষি বিভাগের দেওয়া তথ্য সঠিক নয়। বাঁধ ভাঙার ফলে ৩০০ হেক্টরের বেশি জমি তলিয়ে যাওয়ার কথা বলছেন তারা।
গত ১৭ দিন ধরে সুনামগঞ্জের বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাঁধে যুদ্ধ করে যাচ্ছে প্রশাসন কৃষক। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে পাহাড়ি ঢলের কাছে হেরে যাচ্ছেন হাওরের কৃষক। বাঁধগুলো পাহাড়ি ঢলে নিমজ্জিত থাকায় ধস নামছে। ফলে বাঁধ ভেঙে, কোথাও বাঁধ উপচে হাওরের ফসল ডুবে যাচ্ছে।
আরও পড়ুন- জামা কিনে দিতে পারেননি বাবা, অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যা
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম জানান, রোববার রাতে পুরাতন সুরমা নদীর পানি ৩৩ সেন্টিমিটার বেড়েছে। এই পানি দিরাই ও শাল্লা উপজেলায় গিয়ে চাপ সৃষ্টি করেছে। ফলে প্রতিটি বাঁধই ঝুঁকিতে পড়েছে। তাই যে কোন সময় এখন অন্যান্য হাওরের বাঁধও ভাঙতে পারে।
তিনি বলেন, এখন বাঁধ ভাঙলে প্রাকৃতিক কারণেই সংস্কারের সুযোগ নেই। কারণ বাঁধের পাশে কোন মাটি নেই। শ্রমিকও পাওয়া যাচ্ছে না। ঝুঁকিপূর্ণ বাঁধগুলো বাঁশ, মাটি ও বস্তা ফেলে রক্ষার চেষ্টা করছি। পাশাপাশি সবাইকে সতর্ক থাকতে বলেছি।