বুধবার থেকে হতে পারে ভারি বৃষ্টি © সংগৃহীত
দক্ষিণ-পশ্চিমে মৌসুমি বায়ু মিয়ানমারের ইয়াঙ্গুন উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং তা আরো অগ্রসর হওয়ার জন্য আবহাওয়াগত পরিস্থিতি অনুকূলে রয়েছে।
আগামী ৭২ ঘণ্টা নাগাদ এই মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা জানান, মৌসুমি বায়ুর প্রভাবে চলতি সপ্তাহের শেষ নাগাদ সারা দেশে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, 'এখন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হলেও তা বর্ষার বৃষ্টি নয়, এটা পশ্চিমা লঘুচাপের প্রভাবে হচ্ছে। এ জন্য থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে মৌসুমি বায়ু দেশে ঢোকার পরই মূলত বর্ষার বৃষ্টি শুরু হবে। আগামী বুধ বা বৃহস্পতিবার থেকে দেশে ভারি বৃষ্টি শুরু হতে পারে। এর দু-এক দিন পর একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। সেটা হলে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বা ঝড়ও হতে পারে।'
তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, নীলফামারী, চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি কিছু এলাকায় কমতে পারে। পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গতকাল সকাল ৬টা পর্যন্ত দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ১০৪ মিলিমিটার। গত শুক্রবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস।