রোজিনা ইসলাম © ফাইল ফটো
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট মামলার জামিন শুনানি শেষ হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) দুপুর ২টায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ’র ভার্চুয়াল আদালতে শুনানি শেষ হয়। শুনানি শেষে আদালত পরে আদেশ দেবেন বলে জানান।
আরও দেখুন সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানি আজ
রোজিনা ইসলামের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত যত শিগগির সম্ভব আদেশ দেবেন বলেছেন। দুএকদিনের মধ্যেই আদেশ হতে পারে। আদালত সুনির্দিষ্ট করে কিছু বলেননি।
আদালতে শুনানি শুরু করেন রোজিনার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার ও এহসানুল হক সমাজীসহ আরও অনেকে।
এর আগে মঙ্গলবার (১৮ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম রিমান্ড নামঞ্জুর করে জামিন শুনানির জন্য ২০ মে দিন ধার্য করেন।
প্রসঙ্গত, গত ১৭ মে পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে সেখানে ৫ ঘণ্টার বেশি আটকে রেখে তাকে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে রাত ৯টার দিকে তাকে সচিবালয় থেকে শাহবাগ থানায় আনা হয়।
আরও দেখুন রোজিনার ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনের মুখোমুখি হতে হবে : পররাষ্ট্রমন্ত্রী