© সংগৃহীত
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর মহাসচিব মাওলানা মামুনুল হকের দাবি করা ‘দ্বিতীয় স্ত্রীর’ বিষয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ওই নারী মামুনুল হকের স্ত্রী নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রোববার (৪ এপ্রিল) হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের প্রসঙ্গে ৩০০ বিধিতে দেয়া বিবৃতিতে সংসদে মামুনুল হকের বিষয়ে টেলিভিশনে প্রচারিত কথোপকথনের উদ্ধৃতি দিয়ে মন্ত্রী এ কথা বলেন।
শনিবারের ঘটনার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সোনারগাঁও উপজেলার একটি বেসরকারি হোটেলে হেফাজতের কেন্দ্রীয় নেতা মামুনুল হক একজন নারীকে নিয়ে অবস্থান করছিলেন। টেলিভিশনে ওই নারী তা নিজের মুখে স্বীকার করেছেন। তিনি তার স্ত্রী নন। এ বিষয়ে আরও ঘটনা জেনে সবাইকে জানাব।
এর আগে শনিবার (৩ এপ্রিল) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে এক নারীসহ মামুনুল হককে স্থানীয়রা ঘেরাওয়ের পর তিনি দাবি করে ওই নারী তার দ্বিতীয় স্ত্রী। তার নাম আমেনা তৈয়াবা। ইসলামী শরিয়ত মোতাবেক ওই নারীকে তিনি বিয়ে করেছেন। তবে ওই নারী নিজেকে জান্নাত আরা জান্নাত বলে পরিচয় দেন।