সরকারকে সর্বাত্মক সমর্থন করা শিক্ষকদের দায়িত্ব নয়: ডা. মুনতাসীর মামুন

১৫ মার্চ ২০২১, ০৪:৫১ PM
অধ্যাপক ড. মুনতাসীর মামুন

অধ্যাপক ড. মুনতাসীর মামুন © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদপ্রাপ্ত অধ্যাপক ড. মুনতাসীর মামুন বলেছেন, সরকার সমর্থক হলেও সরকারকে সর্বাত্মক সমর্থন করা শিক্ষকদের দায়িত্ব নয়। ভালো শিক্ষক হতে হলে ভালো পড়াতে হবে। ভালো পড়াতে হলে ভালো গবেষণা লাগবে। কিন্তু আমরা শিক্ষকরা ক্রমান্বয়ে আমাদের স্বায়ত্তশাসনের বিধিমালা লঙ্ঘন করছি, নানা কারণে। আমাদেরকে এত হেয় করে ডাকা হয় কেন? কারণ আমরাই এর সুযোগ করে দিয়েছি।

সোমবার (১৫ মার্চ) সকাল ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে যোগদানপূর্ব সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন লোকসাহিত্য গবেষক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান।

অধ্যাপক ড. মুনতাসীর মামুন আরো বলেন, একটি প্রতিষ্ঠান টিকে থাকে মানুষের জন্য। ইতিবাচক কাজ করলে সে প্রতিষ্ঠান সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়। যারা বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে কাজ করতে চান, তাদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। এসময় বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করতে তরুণদের প্রতি আহবান জানান তিনি।  

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. শিরীন আখতার বলেন, আমরা গত একবছর ধরে যোগ্য একজন গবেষক খুঁজছিলাম। যা অনেকেই জানতেন না। আমি বিশ্বাস করি, আমরা যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিতে পেরেছি। তিনি যোগ্যতার মাধ্যমে বঙ্গবন্ধু চেয়ারকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। বঙ্গবন্ধুর চেতনা ছড়িয়ে দিতে হবে বিশ্বব্যাপি। আর এই কাজের জন্য প্রয়োজন বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার পদে গবেষণার মাধ্যমে উন্মোচিত হবে বঙ্গবন্ধুর নতুন নতুন তথ্য। এতেই সমৃদ্ধ হবে দেশ ও জাতি।  

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এসএম মনিরুল হাসানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাইনুল হাসান চৌধুরী, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. আবুল মনসুর, সাবেক প্রক্টর অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন, প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়াসহ আরো অনেকে। 
 
এর আগে ২০১৯ সালের ৭ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এ পদে দায়িত্বভার গ্রহণ করেন। গত বছরের ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ৫২৬তম সিন্ডিকেট সভায় এই নিয়োগ বাতিল করা হয়। পাশাপাশি বঙ্গবন্ধু চেয়ার পদে নিয়োগের জন্য ‘বঙ্গবন্ধু চেয়ার নির্বাহী কমিটিতে’ নতুন তিন সদস্য হিসেবে সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন, শিক্ষাবিদ আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন এবং কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে যুক্ত করা হয়।  

পরে কমিটির সুপারিশ অনুযায়ী চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৫২৯তম এক্সট্রা অর্ডিনারি সিন্ডিকেট সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বঙ্গবন্ধু চেয়ার পদে ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক ড. মুনতাসীর মামুনকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক মুনতাসীর মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক। ২০১৬ সালে তিনি বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন। 

ট্যাগ: চবি
কান্নাভেজা চোখে মাঠ ছাড়লেন রোমেরো, বিশ্বকাপে অনিশ্চিত
  • ১৪ এপ্রিল ২০২৬
নসিমন উল্টে প্রাণ গেল নির্মাণশ্রমিকের
  • ১৪ এপ্রিল ২০২৬
৫ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের প্রস্তাব ইরানের
  • ১৪ এপ্রিল ২০২৬
এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
ঝিনাইদহ সীমান্তে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • ১৪ এপ্রিল ২০২৬
এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬