মশাল মিছিল © ফাইল ফটো
লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগের মশাল মিছিল থেকে গ্রেফতার প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর সাত নেতাকর্মীর জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বুধবার (৩ মার্চ) ঢাকা মহানগর হাকিম আবু সাঈদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার আসামিরা হলেন, তামজীদ হায়দার, নজিব আমিন চৌধুরী জয়, এএসএম তানজিমুর রহমান, আকিব আহম্মেদ, আরাফাত সাদ, নাজিফা জান্নাত, জয়তী চক্রবর্তী।
প্রসঙ্গ, গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো মশাল মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ থানার সামনে গেলে পুলিশ লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে সাতজনকে গ্রেফতার করা হয়। পরে ২৭ ফেব্রুয়ারি গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত আসামীদের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে বুধবার জামিন শুনানির দিন ধার্য করেন।