বক্তব্য রাখছেন মাহমুদা বেগম © সংগৃহীত
আজকের নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের ভোটকেন্দ্রে যেতে নিষেধ করেছেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম। একই সঙ্গে দলটির সমর্থকদের এলাকা ছেড়ে চলে যেতে বলেছেন তিনি।
গত মঙ্গলবার ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুমান আরা বন্যার পক্ষে গণসংযোগে এমন বক্তব্য দেন তিনি।
গণসংযোগে হ্যান্ড মাইকে মাহমুদা বেগম বলেন, ‘সারাদেশে আজ নৌকার জয়জয়কার। চারদিকে নৌকা জিতে যাচ্ছে। নৌকা ছাড়া কোনো কথা নেই। যাদের মনে এখনো ধানের শীষের প্রতি পিরিত আছে কিংবা টান আছে, তারা শনিবারের (১৩ ফেব্রুয়ারি) মধ্যে ঠাকুরগাঁও ছেড়ে চলে যান।’
তিনি বলেন, ‘আগামী ১৪ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন। তাই শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর পৌরসভার মধ্যে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের দেখতে চাই না। আমরা দেখতে চাই না তাদের। দেখতে চাই না তাদের মুখ। তাদের ভোটকেন্দ্রে আসার প্রয়োজন নেই। ভোটকেন্দ্রে যাবে শুধু স্বাধীনতার মার্কা, শেখ হাসিনার মার্কা ও আওয়ামী লীগের মার্কা-নৌকা।’
এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুমান আরা বন্যা, কেন্দ্রীয় মহিলা লীগের নেত্রী ও জেলা আওয়ামী লীগের নেতারা।