গওহর রিজভী © ফাইল ফটো
বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রকাশিত প্রতিবেদনের তদন্ত দাবি করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
রবিবার নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত ‘বঙ্গবন্ধুর দর্শন ও সুনীল অর্থনীতি’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
গওহর রিজভী বলেন, কোনো তথ্যপ্রমাণের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন করা হয়নি। এটা করা হয়েছে সমালোচনা করার জন্য, হেয় করার জন্য।
তিনি বলেন, ‘আল জাজিরার প্রতিবেদনের বিষয়ে তদন্ত হতে হবে। তাহলেই জানা যাবে, কী হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির হলুদ সাংবাদিকতাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।’
আল-জাজিরার প্রতিবেদনে ইসরায়েল থেকে গোয়েন্দা নজরদারির সামগ্রী কেনার প্রসঙ্গে গওহর রিজভী বলেন, আমরা আপাতত শুধু আল-জাজিরার প্রোগ্রামটা দেখেছি। সেটা কোনো এভিডেন্সের (তথ্য-প্রমাণ) ওপর ভিত্তি করে নয়।
গওহর রিজভী বলেন, আমাদেরকে ক্রিটিসাইজ (সমালোচনা) করার জন্য, আমাদের ওপর হামলা করার জন্য, আমাদের অবস্থানটাকে আন্ডারমাইন (হেয়) করার জন্য উনারা নানান অভিযোগ তুলেছেন। এটাকে ভালো করে তদন্ত করতে হবে।