© ফাইল ছবি
অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (২৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, ‘সাবলীল ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের মধ্য দিয়ে তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’
শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন আবদুল কাদের। ক্যান্সার জটিল আকারে ছাড়িয়ে পড়েছিল সারা শরীরে। অবস্থা গুরুতর হওয়ায় জরুরি ভিত্তিতে তাঁকে গত ৮ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরে অবস্থিত সিএমসি হাসপাতালে নেওয়া হয়। তবে তাঁর রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়ায় কেমোথেরাপি দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন ভারতের চিকিৎসকরা।
পরে দেশে ফিরিয়ে এনে রাজধানীর এভারকেয়ার হাসপালে ভর্তি করা হয় কাদেরকে। সেখানে চলছিল তাঁর চিকিৎসা। আজ সকালে সব চিকিৎসার ঊর্ধ্বে চলে যান তিনি। নিভে যায় দারুণ উচ্ছ্বাসে ভরা এক প্রাণ।
উল্লেখ্য, আজ (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন আবদুল কাদের (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
গত ১৫ ডিসেম্বর চেন্নাইয়ের একটি হাসপাতালে এই অভিনেতার ক্যানসার ধরা পড়ে। শারীরিক অবস্থা ভালো না থাকায় সেখানকার চিকিৎসকেরা তাকে কেমোথেরাপি দিতে পারেননি। ২০ ডিসেম্বর সন্ধ্যায় অভিনেতাকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়।
কিন্তু ২৪ ডিসেম্বর রাত ১২টার দিকে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করেন।