চলতি বছরের বেগম রোকেয়া পদক পেয়েছেন পাঁচ বিশিষ্ট নারী © ফাইল ফটো
দেশের পাঁচ বিশিষ্ট নারীকে চলতি বছরের বেগম রোকেয়া পদক প্রদান করা হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এই পদক প্রদান করা হয়।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদকপ্রাপ্ত নারী অথবা তাঁর পরিবারের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার কাছ থেকে তারা সম্মাননা পদক, সনদ ও চেক গ্রহণ করেন।
এবছর বেগম রোকেয়া পদক পাওয়া বিশিষ্ট নারীরা হলেন শিক্ষায় প্রফেসর ড. শিরীন আখতার, পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে কর্নেল (ডা.) নাজমা বেগম, নারীর আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে মঞ্জুলিকা চাকমা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফি এবং নারী অধিকারে অবদানের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার।
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৩৬তম জন্ম ও ৮৪তম মৃত্যুবার্ষিকী আজ। প্রতিবছর দিনটি বেগম রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়।