উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি বেনজীর আহমেদ © সংগৃহীত
নারীর জন্য নিরাপদ সাইবার স্পেস করতে পুলিশ সব ধরনের ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। আজ সোমবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে নারীর নিরাপত্তা সেবা নিশ্চিতে ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ শিরোনামে সামাজিক মাধ্যম ফেসবুক পেজ প্লাটফর্ম উদ্বোধন করেন আইজিপি।
বেনজীর আহমেদ জানান, সাইবার বুলিংয়ের শিকার নারীরা যাতে সহজেই তাদের অভিযোগ জানাতে পারেন সেজন্য পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেনে শুধু নারী কর্মকর্তারাই কাজ করবেন। এখন পর্যন্ত বিভিন্ন ট্রাইব্যুনালে সাইবার বুলিং সংক্রান্ত মামলা হয়েছে ছয় হাজারের বেশি। বেশিরভাগ ভুক্তভোগীই নারী।
তিনি বলেন, সাইবার ক্রাইম একটি বাউন্ডারিলেস (সীমানাহীন) ক্রাইম। সাধারণত দেশে ১৬ থেকে ২৪ বছরের নারীরা এ অপরাধে সবচেয়ে বেশি ভিকটিম হন। সাইবার জগতের ৬৮ শতাংশ নারী সাইবার অপরাধের শিকার। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে, সাইবার স্পেস নিরাপদ রাখতে, আমাদের এ উদ্যোগ।
আইজিপি বলেন, আমাদের এ ইউনিটের বিশেষত্ব হলো- এখানে যাঁরা সেবা দেবেন, তদন্ত করবেন, তাঁরা সবাই পুলিশের নারী সদস্য। যেখানে ভিকটিমরা নির্দ্বিধায় তাঁদের সমস্যাগুলো বলতে পারবেন। সাইবার জগতে অপরাধ দিন দিন বেড়েই চলেছে। এখন পর্যন্ত সাইবার অ্যাক্টে ছয় হাজার ৯৯টি মামলা হয়েছে। এ অপরাধগুলো নিয়ে ডিএমপি, ডিবি, সিআইডি, পিবিআই কাজ করছে।
তিনি বলেন, আপনারা যারা সাইবার জগতে প্রবেশ করছেন, সাইবার জগতের ঝুঁকির বিষয়ে সচেতন হয়েই এটি ব্যবহার করা উচিত। তারপরও যদি কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যা তৈরি হয়, সে বিষয়ে আমরা কাজ করব। এ ক্ষেত্রে ভিকটিমের সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করেই তাকে সেবা দেব আমরা।