করোনা: মানসিক উৎকন্ঠা থেকে মুক্তি পেতে যা করতে পারেন

০৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৬ PM

© সংগৃহীত

পশু-পাখির কোন উদ্বেগ বা উৎকন্ঠা আছে কি না জানা নেই; হয়তো বিপদের সময় সামনা সামনি কিছু এসে গেলে তারাও ভয় পায়। তবে মানুষই একমাত্র জীব যারা আগামী দিনের খারাপ কিছুর কথা ভেবে উদ্বেগ গ্রস্থ হয়ে পড়ে। করোনাভাইরাস পরিস্থিতিতে এক অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে এই দুশ্চিন্তা বেড়ে গেছে কয়েকগুন।

করোনাভাইরাস মহামারির কারণে গত কয়েক মাসে আমাদের জীবনে যেসব নাটকীয় পরিবর্তন ঘটেছে, তাতে আমাদের মানসিক দুশ্চিন্তা যেন অনেক বেড়ে গেছে। এক নতুন সমীক্ষায় দেখা যাচ্ছে, অভিভাবকরা বিশেষ করে দুশ্চিন্তায় পড়েছেন তাদের সন্তানদের নিয়ে।

কোনটাকে আমরা মানসিক দুশ্চিন্তা বলবো? আর এই দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কী?

মানসিক উৎকন্ঠা বা দুশ্চিন্তা কি?
যখন বলা হয়, কেউ মানসিক উৎকন্ঠা বা দুশ্চিন্তায় ভুগছেন, তার মানে এটা মানসিক চাপ বা কোন কিছু নিয়ে চিন্তিত হওয়ার চাইতে বেশি কিছু। আমরা সবাই কমবেশি কোন না কোন বিষয়ে চিন্তায় থাকি, বা মানসিক চাপে ভুগি। এগুলো মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া। এরকম প্রতিক্রিয়া দেখানো ভালো।

কিন্তু কেউ যখন সারাক্ষণ দুশ্চিন্তায় থাকেন, যেটা রীতিমত ভীতিকর হয়ে উঠে এবং যা থেকে আর মুক্তি পাওয়া যায় না, তখন সেটাই আসলে মানসিক উৎকন্ঠা বা দুশ্চিন্তা। এই সমস্যা এতটাই তীব্র হয়ে উঠতে পারে যে এটি আপনার পুরো জীবন বিপর্যস্ত করে দিতে পারে, আপনার নিত্যদিনের স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন তৈরি করতে পারে।

এর ফলে আপনাকে সারাক্ষণই খুব চিন্তিত মনে হবে, আপনি ক্লান্তিতে ভুগবেন এবং কোন কিছুতেই মন বসাতে পারবেন না। আপনার ঘুমাতে অসুবিধা হবে এবং আপনি বিষন্ন বোধ করবেন।

প্রায়শই এমন কিছু লক্ষণ চোখে পড়বে, যার প্রভাব শরীরেও পড়বে। যেমন হৃদস্পন্দন বেড়ে যাওয়া, ঘন ঘন নিশ্বাস নেয়া, শরীর কাঁপা, ঘাম হওয়া, মাথা ঘোরা, ডায়ারিয়া এবং অসুস্থ বোধ করা।

মানসিক উৎকন্ঠার অনেক রকমফের আছে। কারও ক্ষেত্রে এটা হয়তো খুবই মৃদু, কারও ক্ষেত্রে এটি খুবই তীব্র হয়ে উঠতে পারে।

প্রতি দশ জনের একজন জীবনের কোন না কোন পর্যায়ে মানসিক দুশ্চিন্তায় বা কোন ধরণের ফোবিয়া বা ভীতিতে আক্রান্ত হবেন। কিন্তু অনেকেই এরজন্য চিকিৎসকের কাছে যান না।

কোথায় সাহায্য মিলবে?
মানসিক দুশ্চিন্তায় ভোগা মানুষদের প্রথমেই উচিৎ নিজেই নিজেকে দুশ্চিন্তামুক্ত করার চেষ্টা করা। যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব সাইক্রিয়াট্রিস্টসের পরামর্শ হচ্ছে, নিজেকে নিজে সাহায্য করার কিছু কৌশল আছে, প্রথমে সেটাই চেষ্টা করা উচিৎ। যেমন:

কোন বন্ধু বা আত্মীয়ের সঙ্গে কথা বলা, কোন সেল্ফ হেলপ গ্রুপ বা অনলাইন সাপোর্ট গ্রুপে যোগ দেয়া, রিল্যাক্সেশন বা শারীরিক-মানসিক শিথিলকরণের কৌশল শেখা, যোগ ব্যায়াম, শরীরচর্চা, বই পড়া এবং গান শোনা। এগুলো খুব সহায়ক হতে পারে
বিশেষজ্ঞরা বলেন, মদ পান এবং ধূমপান বন্ধ করলেও মানসিক উৎকন্ঠা অনেক কমে যায়।

এরপরও যদি দুশ্চিন্তা দূর না হয়, তখন অনেক ধরণের আত্মোন্নয়নমূলক (সেলফ হেল্প) বই আছে, সেগুলোর সাহায্য নেয়া যেতে পারে। এসব বইতে নানা ধরণের থেরাপির বর্ণনা আছে। যেমন, কগনিটিভ বিহ্যাভিয়ারাল থেরাপি (সিবিটি)। যুক্তরাজ্যে জাতীয় স্বাস্থ্য সেবার (এনএইচএস) মাধ্যমেও এসব থেরাপি নেয়া যায়।

সিবিটি থেরাপি মূলত দুশ্চিন্তায় ভোগা মানুষকে কথা বলে প্রশান্তি দেয়ার চেষ্টা । যখন কেউ খুব বড় ধরণের সমস্যার কারণে দুশ্চিন্তায় ভুগতে থাকেন, তখন তার সঙ্গে কথা বলে এই সমস্যাকে ছোট ছোট ভাগে ভাগ করে সেগুলো মোকাবেলার পরামর্শ দেয়া হয়।

যেসব শিশু মারাত্মক মানসিক দুশ্চিন্তা ভোগে, তাদের জন্যও এটা বেশ কার্যকরী। বাবা-মাকে এই থেরাপি শেখানো যায়, যাতে তারা তাদের সন্তানদের এটি দিতে পারেন।

যুক্তরাজ্যে মানসিক দুশ্চিন্তা বিষয়ক একটি সংস্থা অ্যাংজাইটি-ইউকে'র নিকি লিডবেটার বলেন, কেউ যেন মানসিক দুশ্চিন্তা চেপে রেখে একা একা না ভোগেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ।

তার পরামর্শ হচ্ছে, এজন্যে ডাক্তারের সঙ্গে দেখা করে লক্ষণগুলো তাকে বলা। ‘‘তবে সবার জন্য এটাই যে একমাত্র নিরাময়ের পথ, তা নয়’’, বলছেন তিনি।

ক্যাথি ক্রেসওয়েল হচ্ছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্টাল ক্লিনিকাল সাইকোলজি বিভাগের অধ্যাপক। তিনি বলছেন, ‘‘স্কুলের চাপ যেহেতু এখন নেই, তাই কেউ কেউ তাদের জীবন নিয়ে হিমসিম খাচ্ছে, কেউ কেউ আবার বেশ ভালোই করছে।’’

প্রফেসর ক্রেসওয়েল করোনাভাইরাস মহামারি শুরুর পর যে লকডাউন জারি করা হয়, তার প্রথম মাসে শিশুদের এবং তাদের বাবা-মার ওপর একটি সমীক্ষা চালান। এতে তিনি দেখেছেন, প্রাথমিক স্কুলের শিশুদের মধ্যে দুশ্চিন্তা, নিরানন্দ এবং মন খারাপ থাকার ব্যাপারগুলো বেড়ে গেছে।

তবে মাধ্যমিক স্কুলের ছেলে-মেয়েদের বেলায় এরকম আবেগজাত সমস্যা কম দেখা গেছে। এরা বলেছে, তাদের মনে বা ব্যবহারে সেরকম কোন পরিবর্তন ঘটেনি।

তেরএবং ১৪ বছর বয়সীদের ওপর চালানো আরেকটি জরিপে এটার প্রতিফলন দেখা গেছে। এই জরিপে দেখা যায়, গত অক্টোবরে ছেলে-মেয়েরা যতটা দুশ্চিন্তায় ভুগতো, লকডাউনের মধ্যে তাদের মধ্যে ততটা দুশ্চিন্তা ছিল না। এর মানে হচ্ছে, বয়সভেদে শিশুদের মধ্যে দুশ্চিন্তায় ভোগার ব্যাপক তারতম্য ঘটে।

দুশ্চিন্তায় ভোগা শিশুদের এবং তরুণ ছেলে-মেয়েদের সাহায্য করতে এনএইচএস পাঁচটি পরামর্শ দিচ্ছে অভিভাবকদের:

ওদের কথা শুনুন: ওরা কেমন আছে জিজ্ঞেস করুন নিয়মিত, যাতে তারা তাদের অনুভূতি সম্পর্কে কথা বলতে অভ্যস্ত হয়ে উঠে
তাদের জীবনের সঙ্গে যুক্ত থাকুন: তাদের ব্যাপারে এবং যেসব বিষয় তাদের কাছে গুরুত্বপূর্ণ, তা নিয়ে আগ্রহ দেখান,

একটি ইতিবাচক রুটিন মানায় উৎসাহ দিন: তাদের জন্য ইতিবাচক রোল মডেল হয়ে উঠুন। নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া, স্বাস্থ্য সম্মত খাবার খাওয়া এবং শরীরচর্চা, খেলাধূলায় অংশ নেয়ায় উৎসাহ দিন।

তাদের আগ্রহে উৎসাহ দিন: তারা যাতে সক্রিয় থাকে, সৃষ্টিশীল থাকে এবং নতুন নতুন জিনিস শেখে এবং একটি টিমের সঙ্গে মিলে এসবে অংশ নিতে পারে, সেটা খুবই গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্যের জন্য।

ওদের কথাকে গুরুত্ব দিন: ওরা যা বলে, সেটাকে মূল্য দিন। কঠিন আবেগজড়িত বিষয় যাতে তারা মোকাবেলা করতে পারে, সেজন্যে তাদের সাহায্য করুন।

কীভাবে মানসিক দুশ্চিন্তা শুরু হয়
যে কোন কিছু থেকেই মানসিক দুশ্চিন্তার শুরু হতে পারে। স্বাস্থ্য বা টাকা-কড়ি থেকে শুরু করে কর্মক্ষেত্রে বা স্কুলে কোন পরিবর্তন। কারও সঙ্গে সম্পর্কও এর কারণ হতে পারে। এর যে কোনটাই একটা গভীর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে।

করোনাভাইরাস মহামারির সময় মানসিক দুশ্চিন্তার এরকম অনেক সম্ভাব্য কারণ থাকতে পারে। যেমন ভাইরাস নিয়ে ভয়, বাইরে যাওয়া নিয়ে ভয়, অন্যদের করোনাভাইরাস সংক্রমিত করার ভয়, মাস্ক পরা কিংবা স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া- এরকম হাজারটা চিন্তার সঙ্গে ভবিষ্যতে কী অবস্থা দাঁড়াবে সেই চিন্তা তো আছেই।

এসব দুশ্চিন্তাকে করোনা-অ্যাংজাইটি বলে নাম দিয়েছে দাতব্য সংস্থা অ্যাংজাইটি ইউকে। তারা বলছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে তাদের হেল্পলাইনে সাহায্য চেয়ে আসা কলের সংখ্যা অনেক বেড়ে গেছে।

এখন যারা সাহায্য চেয়ে কল করে, তাদের সমস্যাগুলো স্বাভাবিক সময়ের সমস্যার চেয়ে অনেক বেশি জটিল। কলগুলো অনেক দীর্ঘ, বলছে এই সংস্থাটি।

মানসিক রোগ বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন এবং সোশ্যাল ডিসট্যান্সিং মেনে চলার নানা বিধিনিষেধ মানুষের আগের রুটিনে অনেক বিঘ্ন ঘটাচ্ছে। তারা তাদের পরিবার এবং বন্ধুদের নিয়মিত দেখতে যেতে পারছে না। এর ফলে মানসিক দুশ্চিন্তা যারা ভুগছেন, তার অবস্থা আরও খারাপ দিকে মোড় নিতে পারে।

এর পাশাপাশি করোনাভাইরাসের ভয়ে অনেকে এই মানসিক স্বাস্থ্য সমস্যার জন্য কারও সাহায্যও চাইছে না। এতে করে অনেকের অবস্থা গুরুতর হয়ে দাঁড়াচ্ছে।

‘‘কেউ যদি ভালো বোধ না করেন, তাহলে এই করোনাভাইরাস মহামারির মধ্যেও কিন্তু তিনি সাহায্য চাইতে পারেন, বলছেন রয়্যাল কলেজ অব সাইক্রিয়াট্রিস্টের ড: বিলি বোলান্ড।

‍‘‘যদি আপনার কোন মানসিক স্বাস্থ্য সমস্যা থাকে, দয়া করে আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। মানসিক স্বাস্থ্য সেবা যেটা আছে, সেটাকে ব্যবহার করুন। আপনার মানসিক স্বাস্থ্য সংকটের জন্য এনএইচএসের ১১১ অনলাইন বা টেলিফোন সার্ভিস ব্যবহার করুন।’’

কার ঝুঁকি সবচেয়ে বেশি?
অ্যাংজাইটি বা মানসিক দুশ্চিন্তা খুব হামেশাই ঘটে এমন একটি মানসিক স্বাস্থ্য সমস্যা। আর এখন তো বহু মানুষ তাদের জীবন নিয়ে চিন্তিত।

আপনার জীবনে যা ঘটেছে, হতে পারে সেটা বড় কোন পরিবর্তন বা নিষ্ঠুর কোন ঘটনা- সেটি আপনাকে মানসিক দুশ্চিন্তার দিকে ঠেলে দিতে পারে।

আর কোন মানসিক স্বাস্থ্য সমস্যা থাকলে সেটা আপনাকে যে কোন বিষয়ে খুব দ্রুত দুশ্চিন্তায় ফেলে দিতে পারে। অনেক সময় এই বেশি মানসিক দুশ্চিন্তার কারণ হয়তো উত্তরাধিকার সূত্রে পাওয়া আপনার জিন বা বংশগতি।

টিনএজার এবং তরুণরা অনেক সময় বেশি দুশ্চিন্তায় ভোগে। যাদের বিশেষ ধরণের শিক্ষা চাহিদা থাকে বা যারা নিম্ন আয়ের পরিবার থেকে আসা, তারা বেশ ঝুঁকিতে।

তবে বিশেষজ্ঞদের মত হচ্ছে, শিশু এবং তরুণরা যে অনেক দীর্ঘ সময় ধরে ক্লাস রুমের বাইরে রয়েছে, তার দীর্ঘমেয়াদী প্রভাব আসলে কী হবে, সেটা এখনই বলা সম্ভব নয়।

প্রফেসর ক্রেসওয়েল বলেন, ‍‘‘স্কুলের পরিবর্তিত রুটিনের সঙ্গে বা অনিশ্চয়তার সঙ্গে ছেলে-মেয়েরা কীভাবে নিজেদের মানিয়ে নিচ্ছে, সেটার ওপর নজর রাখা খুবই গুরুত্বপূর্ণ।’’

সূত্র: বিবিস বাংলা

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence