অফিস খুলছে কাল, ঢাকামুখী মানুষের ঢল

৩০ মে ২০২০, ১০:৪২ AM

করোনা সংকটে ঈদে বাড়ি ফেরা মানুষ আবারও ঢাকায় ফিরছে। লঞ্চ, স্পিডবোট, ট্রলার বন্ধ থাকায় ফেরিই এখন একমাত্র অবলম্বন। তাই গাদাগাদি করে হাজার হাজার মানুষ ফেরিতে করেই পদ্মা পাড়ি দিচ্ছেন। শনিবার (৩০ মে) সকাল থেকে শিমুলিয়া ফেরিঘাটে ভিড় লেগে আছে ঢাকায় কর্মস্থলে ফেরা মানুষের।

করোনা সংক্রমণ ঠেকাতে দীর্ঘ দুইমাস সাধারণ ছুটি আজ শেষ হচ্ছে। ঝুঁকি থাকলেও অর্থনীতির চালু রাখার জন্য সরকার আর বাড়ায়নি ছুটি। তাই আগামীকাল রোববার (৩১ মে) খুলে যাবে অফিস। তাই শেষ সময়ে কর্মস্থলে ফিরছেন মানুষ। সকাল থেকে ১৫টি ফেরি দিয়ে সার্ভিস সচল রাখা হয়েছে। ফেরিগুলো হরদম পার করছে গাড়ি।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ সিরাজুল কবির বলেন, স্পিডবোট কিংবা ট্রলার পদ্মায় চলছে না। আমরা সতর্ক পাহারায় আছি। সার্বক্ষণিক নদীতে অভিযান চলছে। শনিবার সকাল থেকে ঢাকামুখী যাত্রীর ঢল নামে। ব্যক্তিগত গাড়ি ছাড়া ভাড়ার গাড়ি চলাচল নিষেধ থাকায় আমরা বেশ কিছু মাইক্রোবাস ও প্রাইভেটকার জব্দ করেছি।

এদিকে এখনও সচল হয়নি গণপরিবহন। যাত্রীদের অবর্ণনীয় কষ্ট করে গন্তব্যে যেতে হচ্ছে। তারা পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়ায় এসে যানবাহন না পেয়ে পড়ছেন বিপাকে। ব্যাগ, ছোট ছেলেমেয়ে কোলে করে হেঁটে রওয়ানা দিয়েছেন কেউ কেউ। এছাড়া গাদাগাদি করে ৪-৫ গুণ বেশি ভাড়ায় সিএনজি, অটো, মোটরসাইকেল, পিকাপ, ট্রাক, ছোটগাড়ি কিংবা মাইক্রোবাস ভাড়া করে গন্তব্যে রওয়ানা দিয়েছেন যাত্রীরা।

সকাল থেকে পদ্মা কিছুটা উত্তাল। প্রচুর বাতাস রয়েছে। আজ দক্ষিণবঙ্গমুখী যাত্রীর চাপ কিছুটা কম। কাঁঠালবাড়ি থেকে ফেরিগুলো কানায় কানায় পূর্ণ করে হাজার হাজার লোক আসছে। পা রাখার জায়গা থাকছে না কোনো ফেরিতে। এর বাইরে বড় ঝুঁকি নিয়ে ট্রাকেও যাত্রী বহন করা হচ্ছে। এরপরও আবার বিপত্তি ঘটায় ট্রাফিক পুলিশ। ব্যক্তিগত গাড়ি ছাড়া ভাড়ার গাড়ি চলাচলে সরকারি নিষেধাজ্ঞা থাকায় তারা ভাড়ার গাড়িগুলো আটকে দেয়। এতে যাত্রীরা ভয়াবহ যানবাহন সংকটে পড়ে।

বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাট ম্যানেজার সাফায়েত হোসেন বলেন, ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পার করা হচ্ছে। আমরা চেষ্টা করছি। যাত্রীরা সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি কোনোটাই মানছেন না। যেন কার আগে কে ফেরিতে উঠবে এই প্রতিযোগিতায় ব্যস্ত।

করোনা ভাইরাস সঙ্কটের সাধারণ ছুটি শেষে অফিস খোলার দিন ৩১ মে থেকে গণপরিবহণও সীমিত পরিসরে চলাচল শুরু হবে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক যাত্রী নিয়ে গণপরিবহনগুলো আগামী ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সারা দেশে চলাচল করতে পারবে বলে বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন। তবে এখনো খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

সন্তানের মোবাইল দেখা নিয়ে কলহ, অতঃপর...
  • ১৭ এপ্রিল ২০২৬
সাংবাদিকদের ওপর হামলা, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের ২ নেতা…
  • ১৭ এপ্রিল ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬