করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে চলমান সাধারণ ছুটি আরও বাড়বে নাকি অফিস খুলে দেয়া হবে- সেই বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে ১৬ মের পরে আর মাত্র চারদিন কর্মদিবস থাকায় ছুটি বাড়ার সম্ভাবনাই বেশি। তারা বলছেন, ছুটি অন্তত ঈদ পর্যন্ত বাড়তে পারে। তবে ঘোষণা না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ছুটির বিষয়ে মন্ত্রীপরিষদ বিভাগ কাজ করছে। করোনা পরিস্থিতির অবনতি এবং অর্থনীতির কথা মাথায় রেখে এবারের ছুটির বিষয়ে সিদ্ধান্ত হবে।
জানা গেছে, ১৬ মে ও ঈদের ছুটির মাঝখানে কর্মদিবস মাত্র চারটি- ১৭, ১৮, ১৯, ২০ মে। এরপর ২১ মে শবে কদরের ছুটি। এরপর ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি। আবার রমজান মাস ৩০ দিন ধরে ২৪ মে (রবিবার) থেকে শুরু ঈদের ছুটি। ২৫ ও ২৬ মে’ও (সোম ও মঙ্গল) ঈদের ছুটি থাকবে।
উল্লেখ্য করোনার বিস্তার রোধে গত ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে তা দফায় দফায় বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়। ছুটি বাড়লে ১৭-২০ মে ঈদের আগে চারদিনসহ শবে কদর ও ঈদের ছুটি মিলে ২১ মে থেকে ২৬ মে ছয়দিন ঈদের ছুটির সঙ্গে ঘোষণা হতে পারে। চাঁদ দেখা সাপেক্ষে ঈদ-উল-ফিতর উদযাপিত হতে পারে ২৪ বা ২৫ মে। আর ঈদের পর ৩০ মে শনিবার পর্যন্ত ছুটি বাড়ানো হতে পারে।