আইজিপি ড. বেনজীর আহমেদ © ফাইল ফটো
সাধারণ মানুষের কল্যাণে পুলিশ সদস্যের ত্যাগ ও মানবিক কার্যক্রমের প্রশংসা করে মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, জনগণের কল্যাণে সেবার এ ধারা অব্যাহত রাখতে হবে। দেশের সাধারণ জনগণ ও গুণীজনদের যে অকুণ্ঠ ভালবাসা ও প্রশংসা পুলিশ পাচ্ছে তার প্রতি শ্রদ্ধা রেখে মানুষের কল্যাণে পুলিশ কাজ করে যাবে।
আজ রবিবার পুলিশ সদর দপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব ইউনিট কমান্ডারদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।
ড. বেনজীর আহমেদ বলেন, পণ্যবাহী ট্রাক বা বাহনগুলো পণ্য পৌঁছে দিয়ে ফেরার সময় যেনো কোনো পর্যায়েই যেন হয়রানির শিকার না হয় সেটি নিশ্চিত করতে হবে। পাশাপাশি করোনার বিস্তার রোধে লকডাউন, সামাজিক দূরত্ব বজায় রাখা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে পুলিশের কার্যক্রমকে অব্যাহত রাখার নির্দেশ দেন তিনি।
আইজিপি বলেন, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ পুলিশের অন্যান্য হাসপাতালগুলোতে করোনা সংক্রান্ত চিকিৎসা সুবিধা বাড়ানো হয়েছে। এছাড়া, বিভাগীয় পর্যায়েও সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।
বেনজীর আহমেদ আরও বলেন, করোনায় আক্রান্ত পুলিশের যেকোনো সদস্যের সুচিকিৎসাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যাপ্ত আয়োজন রাখা হয়েছে। দেশ ও জনগণের কল্যাণে যারা আত্মনিয়োগ করেছেন তাদের প্রতি এ দেশের মানুষেরও অকুণ্ঠ ভালবাসা ও শ্রদ্ধা রয়েছে।