রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন: শিক্ষামন্ত্রী

১২ অক্টোবর ২০১৯, ০১:৩৩ PM

© ফাইল ফটো

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সাংগঠনিক রাজনীতি চলবে কিনা সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে। আজ শনিবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

দীপু মনি বলেন, যে বিশ্ববিদ্যালয়গুলো ১৯৭৩ সালের অধ্যাদেশ দিয়ে চলে, তারা তাদের অধ্যাদেশ অনুযায়ী এবং বাকি বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব আইন দ্বারা পরিচালিত হয়। এ ক্ষেত্রে সাংগঠনিক রাজনীতি চলবে না বন্ধ হবে, তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার।

তিনি বলেন, ‘এগুলো বন্ধ করার ক্ষেত্রে বুয়েটের ছাত্র, শিক্ষক, অভিভাবকদের যদি আগে থেকেই একটু উদ্যোগ থাকত, তাহলে এই ধরনের ঘটনা ঘটত না। সব ক্ষেত্রে রাজনীতিকে দোষ দিলে হবে না। রাজনীতি ছাড়া দেশ চলে? আপনি যা কিছু করবেন, তা রাজনৈতিক সিদ্ধান্তেই চলে। কিন্তু রাজনীতিটা যেন সুষ্ঠু হয়, সুস্থ ধারার হয়।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘বুয়েটে যে ঘটনা ঘটেছে সেখানে অপরাজনীতি, ক্ষমতার অপব্যবহার—এগুলো হয়তো একটি ভূমিকা পালন করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আবাসিক হলগুলোতে র‌্যাগিং, বুলিংয়ের অপসংস্কৃতি ছিল দীর্ঘদিন ধরে, যেটি পৃথিবীর অধিকাংশ দেশেই আছে এবং তা নিয়ে সমস্যা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘রাজনীতিকে যেন কেউ ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করে কোনো অপকীর্তি করতে না পারে। এর জন্য রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সমাজের সবাইকে সচেতন হতে হবে। আর এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদেরও একটি বিরাট ভূমিকা রয়েছে।’

এ সময় জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে শিক্ষামন্ত্রী দীপু মনি চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

ওয়াসার পাইপলাইন মেরামতের সময় প্রাণ গেল দুই শ্রমিকের
  • ২৩ এপ্রিল ২০২৬
আজ এসএসসি’র দ্বিতীয় দিনের পরীক্ষা, প্রশ্ন বিতরণে সতর্ক থাকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে একদিনে ছয় সাংবাদিককে হেনস্তা, দুঃখ প্রকাশ ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
জাইমাকে নিয়ে এআই নির্মিত ছবি পোস্ট, তেজগাঁও কলেজ শিক্ষার্থী…
  • ২৩ এপ্রিল ২০২৬
শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬
ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬