আজ এসএসসি’র দ্বিতীয় দিনের পরীক্ষা, প্রশ্ন বিতরণে সতর্ক থাকার কড়া নির্দেশ

২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ AM , আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫২ AM
এসএসসি পরীক্ষার্থীরা

এসএসসি পরীক্ষার্থীরা © টিডিসি ফটো

দেশজুড়ে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনের পরীক্ষা। রুটিন অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা দ্বিতীয় পত্র, মাদ্রাসা বোর্ডে আরবি প্রথম পত্র এবং কারিগরি (ভোকেশনাল) লেভেলে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

গত মঙ্গলবার বাংলা প্রথম পত্রের মাধ্যমে এবারের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। তবে প্রথম দিনেই দেশের বেশ কিছু কেন্দ্রে পুরনো সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ ওঠায় এবার বেশ নড়েচড়ে বসেছে শিক্ষা প্রশাসন। উদ্ভূত পরিস্থিতিতে প্রশ্নপত্র বিতরণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বোর্ডগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

পরীক্ষার সুষ্ঠু পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা শিক্ষা বোর্ড থেকে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়েছে, এবারের পরীক্ষা দুটি পৃথক সিলেবাসে অনুষ্ঠিত হচ্ছে। অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা (২০২৩-২০২৪ সেশন বা তার পূর্বের) ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নে এবং নিয়মিত পরীক্ষার্থীরা (২০২৪-২০২৫ সেশন) ২০২৬ সালের নতুন সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নে পরীক্ষায় অংশগ্রহণ করবে। 

বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, পরীক্ষার্থীদের হাতে প্রশ্ন তুলে দেওয়ার আগে কক্ষ পরিদর্শক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবশ্যই প্রশ্নপত্রের কোড ও সিলেবাস যাচাই করে নিতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ভুল বা অসাবধানতা সম্পূর্ণভাবে পরিহার করতে হবে।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজারের বেশি, যা গত বছরের ১৯ লাখ ৩৬ হাজারের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। সারা দেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, দুই বছর আগে নিয়মিত শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করেও প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে না। ২০ মে পর্যন্ত চলবে এবারের তাত্ত্বিক পরীক্ষা।

‎নিখোঁজ জাবি শিক্ষার্থীর ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন, বিশেষ …
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম, উপাচার্…
  • ১২ অক্টোবর ২০২৬
মধ্যরাতে নারী চিকিৎসককের ওপর চড়াও-গালাগাল, অভিযোগ শ্রমিকদল …
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকের পোস্ট নিয়ে শিক্ষার্থীকে হুমকি ছাত্রদল নেতার, নিরাপ…
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ১৩-এ বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি…
  • ১২ অক্টোবর ২০২৬
ভূমি কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬