নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল সোয়া আটটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।
এটির স্থানীয় সময় সকাল ১০টায় নয়াদিল্লির পালাম এয়ারফোর্স স্টেশনে অবতরণ করার কথা রয়েছে। চার দিনের সফরে আজ বৃহস্পতিবার সকালে ভারতের উদ্দেশ্যে রওনা দেন তিনি।
গতকাল পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, শনিবার দিল্লিতে প্রতিবেশী দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকে পানি বণ্টন, আসামের নাগরিকপঞ্জি (এনআরসি) এবং সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের হত্যা শূন্যে নামিয়ে আনাসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।
তিনি জানান, এই সফরে ১০ থেকে ১২টি চুক্তি হবে। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হবে ঐতিহাসিক হায়দরাবাদ হাউসে। প্রধানমন্ত্রীর সৌজন্যে আয়োজিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মধ্যাহ্নভোজে ওই দিন যোগ দেবেন শেখ হাসিনা।
একই দিনে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ অক্টোবর কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। চার দিনের সফর শেষে আগামী রোববার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকায় ফেরার কথা রয়েছে।