নাগেশ্বরী থানা © সংগৃহীত
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ের বাথরুমে নিয়ে যৌন হয়রানির অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ভুক্তভোগী ছাত্রীকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নাগেশ্বরী থানার ওসি এনামুল হক ও বিদ্যালয়টির প্রধান শিক্ষক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুলে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও ভুক্তভোগী ছাত্রীর বরাত দিয়ে জানান, সোমবার দুপুরে বিরতির সময় অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ের বাথরুমের কাছে গিয়ে পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে ডেকে নেন। পরে তাকে বাথরুমের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দেন। বিষয়টি বিদ্যালয়ে থাকা কয়েকজন শিক্ষার্থীর নজরে এলে তারা দ্রুত বাথরুমের দরজায় ধাক্কাধাক্কি শুরু করে। একপর্যায়ে শিক্ষক ও ছাত্রী ভেতর থেকে বেরিয়ে আসেন।
প্রধান শিক্ষক গণমাধ্যমকে বলেন, ‘সোমবার ওই সময় আমি উপজেলা অফিসে ছিলাম। খবর পেয়ে স্কুলে গিয়ে ওই ছাত্রীসহ উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাই। ধর্ষণ করতে না পারলেও যৌন হয়রানি করেছে বলে জেনেছি। ততক্ষণে ওই শিক্ষক স্কুল থেকে চলে গিয়েছিলেন। পরে জানতে পারি পুলিশ রাতে ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে গেছে। আমি বিষয়টি লিখিত আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
আরও দেখুন: কমনওয়েলথ স্কলারশিপে বিনামূল্যে পড়ুন যুক্তরাজ্যে
নাগেশ্বরী থানার ওসি এনামুল হক গণমাধ্যমকে বলেন, ‘ভুক্তভোগী ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির চেষ্টার কথা জানিয়েছে। আমরা তাকে নিরাপত্তা হেফাজতে রেখেছি। অভিযুক্ত শিক্ষককে রাতে তার বাড়ি থেকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ছাত্রীর পরিবার লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় সরকার গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি জেনেছি। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে লিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে সে অনুযায়ী শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’