ঝড়ে রেল লাইনে গাছ উপড়ে পড়ায় ঢাকা-নোয়াখালি রুটে ট্রেন চলাচলে বিঘ্ন

০৭ এপ্রিল ২০২৬, ১১:০৭ AM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ১১:২৩ AM
রেলপথ বন্ধ

রেলপথ বন্ধ © টিডিসি ফটো

নোয়াখালীতে ঝড়ের তাণ্ডবে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতের আকস্মিক এই বৈরী আবহাওয়ায় রেলপথে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নোয়াখালী জেলা শহর মাইজদীসহ বিভিন্ন এলাকায় প্রচণ্ড ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হয়। ঝড়ের তীব্রতায় রেললাইনের বিভিন্ন স্থানে বড়ো বড়ো গাছ ভেঙে পড়লে ট্রেন চলাচলের পথ অবরুদ্ধ হয়ে পড়ে। আজ বুধবার সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর 'উপকূল এক্সপ্রেস' ট্রেনটি লাইনে পড়ে থাকা গাছের কারণে দফায় দফায় বাধার সম্মুখীন হয়। রেললাইন থেকে গাছ সরিয়ে ট্রেনটি ধীরগতিতে মাইজদী কোর্ট স্টেশনে পৌঁছালেও সেখানে দীর্ঘ সময় আটকা পড়ে থাকে। পরবর্তীতে আংশিকভাবে লাইন পরিষ্কার করা হলে ট্রেনটি চৌমুহনীর উদ্দেশ্যে রওনা দিলেও, সামনের পথে আরও গাছ পড়ে থাকায় যাত্রার নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

ট্রেনটির চালক রফিকুল ইসলাম জানান, রেললাইনের একাধিক স্থানে এখনো গাছ পড়ে থাকায় যাত্রাপথ স্বাভাবিক হতে সময় লাগছে। এর ফলে ট্রেনের নির্ধারিত সময়সূচি বজায় রাখা সম্ভব হচ্ছে না। এদিকে দীর্ঘ বিলম্বের কারণে স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা সীমাহীন দুর্ভোগের শিকার হন। অনেক যাত্রী নিরুপায় হয়ে বিকল্প পরিবহনে করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

নোয়াখালী রেলওয়ে স্টেশনের মাস্টার আসাদুজ্জামান জানান, রেললাইন থেকে প্রতিবন্ধকতা সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করতে সকাল থেকেই রেলওয়ে ও ফায়ার সার্ভিসের কর্মীরা একযোগে কাজ করছেন। উদ্ধার কাজ শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে ট্রেন চলাচল শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬