এনসিপি-ছাত্রদলের সমাবেশ

শাহবাগ–শহীদ মিনার এলাকায় নিরাপত্তা জোরদার, বাড়তি পুলিশ মোতায়েন

০৩ আগস্ট ২০২৫, ০৯:১২ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৩৮ PM
পুলিশ মোতায়েন

পুলিশ মোতায়েন © সংগৃহীত

রাজধানী ঢাকায় আজ রবিবার (৩ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত সমাবেশ  উপলক্ষ্যে শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে কঠোর নিরাপত্তা ও যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হয়েছে।  অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল ‘ছাত্র সমাবেশ’ করবে। কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এনসিপির জনসভা হবে, যেখানে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করা হবে। একই দিন সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠানের আয়োজন করেছে সাইমুম শিল্পীগোষ্ঠী।

গতকাল শনিবার (২ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর জারি করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার সভা-সমাবেশ ও অনুষ্ঠান উপলক্ষ্যে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় প্রচুর জনসমাগম ঘটবে। ফলে ওই এলাকা বিশেষ করে শাহবাগ ক্রসিং দিয়ে যানচলাচল করানো সম্ভব হবে না। এমতাবস্থায় ঢাকাবাসীকে ডাইভারশন মেনে বিকল্প পথে চলাচলের জন্য অনুরোধ করা হচ্ছে।

ডাইভারশন পয়েন্ট এবং বিকল্প সড়ক

হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়: সোনারগাঁও সিগন্যাল/বাংলামোটর ক্রসিং হয়ে উত্তর দিক থেকে আগত যানবাহনগুলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং এ সোজা শাহবাগের দিকে না গিয়ে বামে মোড় নিয়ে হেয়ার রোড/মিন্টু রোড হয়ে যাতায়াত করবে।

কাটাবন মোড়: সায়েন্সল্যাব ক্রসিং হয়ে পশ্চিম দিক থেকে আগত যানবাহনগুলো কাটাবন মোড় থেকে শাহবাগের দিকে না গিয়ে ডানে মোড় নিয়ে নীলক্ষেত/পলাশী হয়ে অথবা কাটাবন মোড় থেকে বামে মোড় নিয়ে সোনারগাঁও (হাতিরপুল) রোড হয়ে বাংলামোটর লিংক রোড দিয়ে চলাচল করবে।

মৎস্য ভবন মোড়: হাইকোর্ট/কদম ফোয়ারা ক্রসিং হয়ে আগত যানবাহনগুলো মৎস্য ভবন থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হেয়ার রোড/শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (মগবাজার রোড) হয়ে চলাচল করবে।

অপরদিকে কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে উত্তর দিক থেকে আগত যানবাহন মৎস্যভবন ক্রসিং থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হাইকোর্ট হয়ে গুলিস্তান/ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলাচল করবে।

টিএসসি/রাজু ভাস্কর্য: নীলক্ষেত ক্রসিং/দোয়েল চত্বর ক্রসিং থেকে আসা যানবাহন টিএসটি/রাজু ভাস্কর্য ক্রসিংয়ে এসে শাহবাগের দিকে না গিয়ে দোয়েল চত্বর/নীলক্ষেত ক্রসিং হয়ে চলাচল করবে।

এ ছাড়া শহীদ মিনার সংলগ্ন সড়ক এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথ যথাসম্ভব পরিহার করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

 

 

জাতীয় সংসদের অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি 
  • ১১ আগস্ট ২০২৬
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৬৪, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান
  • ১১ আগস্ট ২০২৬
'র' প্রধানের ঢাকা সফর নিয়ে স্পেকুলেশনের কিছু নেই: প্রধানমন্…
  • ১১ আগস্ট ২০২৬
বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়ারা নদীর পানি, অব্য…
  • ১১ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, বৃদ্ধকে কুপিয়ে জখম
  • ১১ আগস্ট ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তরে, পদ ১৯৭, আবেদন …
  • ১১ আগস্ট ২০২৬