বিএনপি নেতার হামলায় আহত যুবদল নেতার মৃত্যু

১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৫ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
যুবদল নেতা রাশেদুল হাসান

যুবদল নেতা রাশেদুল হাসান © সংগৃহীত

বগুড়ার সোনাতলায় বিএনপি নেতা ও তার লোকজনের হামলায় আহত যুবদল নেতা রাশেদুল হাসান (২৭) মারা গেছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হারুনার রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রাশেদুল সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়ন যুবদলের সদস্য ছিলেন। গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় পাকুল্লা বাজারে তার ওপর হামলা হয়। নিহতের পরিবারের অভিযোগ, এই হামলার পেছনে রয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান বাটালু ও তার অনুসারীরা।

রাশেদুলের মৃত্যুর পর শুক্রবার সন্ধ্যায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে আব্দুল হান্নান ও তার সহযোগীদের চার-পাঁচটি বাড়িতে ভাঙচুর চালায়।

স্থানীয় সূত্রে জানা যায়, পাকুল্লা বহুমুখী উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটি গঠন নিয়ে এলাকাবাসীর মধ্যে তিনটি পক্ষ সৃষ্টি হয়। একটি পক্ষের নেতৃত্বে ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান, অপর দুটি পক্ষের নেতৃত্বে ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী হাসান নারুন ও বগুড়া শহর জামায়াতের সাবেক সেক্রেটারি মাজেদুর রহমান জুয়েল।

এই বিরোধের সূত্র ধরে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় জামায়াত নেতা জুয়েল ২৫-৩০টি মোটরসাইকেল নিয়ে পাকুল্লা বাজারে মহড়া দেন। ওই সময় আব্দুল হান্নান দাবি করেন, জুয়েল তার বাড়িতে হামলা চালানোর উদ্দেশ্যে এসেছিলেন এবং তার বহরে যুবদল নেতা রাশেদও ছিলেন। জুয়েলের ফিরে যাওয়ার পরই কে বা কারা রাশেদুলের ওপর হামলা চালায়।

বিএনপি নেতা আলী হাসান অভিযোগ করেন, সেদিন সন্ধ্যায় রাশেদ মোটরসাইকেলযোগে যাওয়ার সময় বাটালুর নেতৃত্বে কিছু লোক তাকে ধাওয়া করে। রাশেদ মোটরসাইকেল ফেলে এক বাড়িতে আশ্রয় নিলে সেখানেই তাকে বেধড়ক মারধর করা হয়, ফলে তিনি গুরুতর আহত হন।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন্নবি জানান, ‘স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এই বিরোধের জেরে রাশেদ নামের একজনকে মারধর করা হয়। শুক্রবার তার মৃত্যুর পর তার সমর্থকরা প্রতিপক্ষের কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। তবে ঘটনার আগেই বাটালু ও তার লোকজন এলাকা ছেড়ে চলে যান।’

তিনি আরও জানান, রাশেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পাকুল্লা বাজারে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং রাশেদের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগ: জাতীয়
৭ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্…
  • ২১ এপ্রিল ২০২৬
পাবনায় ৩ লক্ষাধিক শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে: সিভিল…
  • ২১ এপ্রিল ২০২৬
উচ্চশিক্ষার জন্য মেক্সিকোতে গিয়েছিলেন মুহিব,ইউক্রেনের ড্রোন…
  • ২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক ন…
  • ২১ এপ্রিল ২০২৬
শেরপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসির প্রথম দিনে সারাদেশে বহিষ্কার ৬, অনুপস্থিত সাড়ে ২৫ হ…
  • ২১ এপ্রিল ২০২৬