ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের টয়লেট থেকে উদ্ধার হওয়া মৃত নারীর পরিচয় মিলেছে। পুলিশ বলছে, ওই নারী শাহবাগের বারডেম জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। প্রায় এক মাস আগে তিনি প্রতিষ্ঠানটিতে নিয়োগ পেয়েছিলেন।
উদ্ধারের সময় তন্ময় মন্ডলের মরদেহ রক্তাক্ত পাওয়া গিয়েছিল। ঘটনাস্থল থেকে প্রায় ৫ মিনিটের হাটাপথের দূরত্বে পাওয়া গেছে একটি ছুরিও। পুলিশ বলছে, বিষয়টি বেশ রহস্যজনক।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, ওই নারী প্রায় এক মাস আগে বারডেমে কাজ শুরু করেছিলেন। তার মৃত্যুর বিষয়টি রহস্যজনক। এর ভেতরে অনেক রহস্য আছে। আমরা সেগুলো বের করার চেষ্টা করছি।
তিনি বলেন, তন্ময় মন্ডল তার এক নারী বান্ধবীর এনআইডি কার্ড দিয়ে মোবাইলের একটি সিম কার্ড তুলেছিলেন। প্রাথমিকভাবে এসব তথ্য জানা গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝের ৪ নম্বর টয়লেট থেকে তন্ময়ের লাশ উদ্ধার করা হয়। এর কয়েক ঘণ্টা আগে হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে পাওয়া যায় একটি রক্তমাখা ছুরি। হাঁটাপথে দুটি স্থানের দূরত্ব মিনিট পাঁচেকের।
লাশ উদ্ধারের পর পরিচ্ছন্নতাকর্মী মাহমুদ শেখ বলেন, সকালে হাসপাতালের পুরাতন ভবনের নিচতলায় টয়লেট পরিষ্কার করতে যান তিনি। নিয়ম অনুযায়ী কক্ষগুলোর দরজায় নক করে ভেতরে থাকা ব্যক্তিদের বের হতে বলেন।
৪ নম্বর কক্ষের দরজায় নক করার পর দীর্ঘ সময়েও সাড়া না পাওয়ায় তার সন্দেহ হয়। পরে সহকর্মী রাসেল ও কামালের সহযোগিতায় দরজা খুলে ভেতরে ওই নারীকে রক্তাক্ত ও ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে ভাষ্য মাহমুদ শেখের।